চট্টগ্রাম বন্দরের পরিচালন দক্ষতা বৃদ্ধি, দ্বিপাক্ষিক মেরিটাইম সহযোগিতা এবং আধুনিক প্রযুক্তি সমপ্রসারণের লক্ষ্যে বাংলাদেশে নিযুক্ত নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত জ্যোরিস ভ্যান বোমেলের নেতৃত্বে ডাচ মেরিটাইম খাতের একটি উচ্চপর্যায়ের প্রতিনিধি দল গতকাল চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছে।
গতকাল সকালে প্রতিনিধি দলটি চট্টগ্রাম বন্দরের ওয়ান স্টপ সার্ভিস ভবনে পৌঁছালে তাদের অভ্যর্থনা জানানো হয়। পরবর্তীতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ–চবক চেয়ারম্যানের সাথে ডাচ প্রতিনিধি দলটি সৌজন্য সাক্ষাৎ ও আনুষ্ঠানিক দ্বিপাক্ষিক বৈঠক করেন। বৈঠকে চবক চেয়ারম্যান নেদারল্যান্ডস প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে চট্টগ্রাম বন্দরের সামপ্রতিক সময়ে অভূতপূর্ব অর্জনের বিষয়ে অবগত করেন। বিশেষ করে বন্দরের পূর্ণাঙ্গ অটোমেশন ও ডিজিটালাইজেশনের মাধ্যমে পেপারলেস পোর্ট কার্যক্রম, প্রথমবারের মতো পোর্ট কমিউনিটি সিস্টেম (সিপিএ স্কাই) চালু, ওয়ান–স্টপ সার্ভিসের আওতায় অনলাইন বিলিং, পেমেন্ট ও ডেলিভারি কার্যক্রম এবং টার্মিনালে বিদেশি অপারেটর নিয়োগ প্রভৃতি বিষয়ে আলোচনা করেন। নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত চট্টগ্রাম বন্দরের সাথে নেদারল্যান্ডসের ঐতিহাসিক বাণিজ্যিক ও মেরিটাইম সম্পর্কের কথা স্মরণ করেন এবং ভবিষ্যতে প্রযুক্তিগত ও কৌশলগত অংশীদারিত্ব আরও সুদৃঢ় করার আশাবাদ ব্যক্ত করেন।
বৈঠকে মেরিটাইম অ্যান্ড অফশোর এনএল এর ট্রেড প্রমোশন ম্যানেজার পিটার ওডস কুইপার্স ‘ডাচ মেরিটাইম এক্সপার্টাইজ অ্যান্ড সলিউশনস’ শীর্ষক একটি বিশেষ প্রেজেন্টেশন উপস্থাপন করেন। একইসাথে প্রতিনিধি দলে থাকা শীর্ষস্থানীয় ডাচ প্রতিষ্ঠানসমূহ চট্টগ্রাম বন্দরের সার্বিক দক্ষতা বৃদ্ধি, গ্রিন পোর্ট উদ্যোগ ও আধুনিক পোর্ট ম্যানেজমেন্ট ব্যবস্থায় তাদের প্রস্তাবনা ও বক্তব্য তুলে ধরেন। পরে অনুষ্ঠিত প্রশ্নোত্তরের পর্বে বন্দর ও ডাচ প্রতিনিধি দলের মধ্যে ড্রেজিং, লজিস্টিকস এবং টার্মিনাল অপারেশন নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়। প্রতিনিধি দলটি বন্দরের অপারেশানাল কার্যক্রম পর্যবেক্ষণ করতে বন্দরের বিভিন্ন ইয়ার্ড ঘুরে দেখেন এবং সার্বিক ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। দ্বিপাক্ষিক আলোচনা ও মতবিনিময় সভায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সকল সদস্য, প্রকল্প পরিচালকগণ, বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধানসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

