মাদকমুক্ত সমাজ গঠনে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সচেতন নাগরিকদের সম্মিলিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করেছেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মো. আবুসাঈদ।
তিনি বলেছেন, সন্তান কোথায় যায়, কার সঙ্গে মেশে এবং তার চালচলনে কোনো পরিবর্তন হচ্ছে কি না, সেদিকে অভিভাবকদের বিশেষ নজর রাখতে হবে।
বুধবার (১৪ অক্টোবর) ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সুর সম্রাট আলাউদ্দিন খাঁ ডিগ্রি কলেজ অডিটোরিয়ামে ‘মাদক প্রতিরোধে শিক্ষক-শিক্ষার্থীদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তিও প্রদান করা হয়।
জেলা প্রশাসক মো. আবুসাঈদ বলেন, ‘অভিভাবকদের খেয়াল রাখতে হবে, আপনার সন্তান কোথায় যায়, কার সঙ্গে বন্ধুত্ব করে, তার চালচলনে কী পরিবর্তন হচ্ছে—এসব লক্ষ্য রাখুন। আসুন, আমরা মাদককে না বলি, সুস্থ ও সুন্দর জীবন গড়ি।’
কলেজের সভাপতি মোজাম্মেল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল ইসলাম, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের সহযোগী অধ্যাপক ও প্রাথমিক শিক্ষাক্রম বিশেষজ্ঞ মোহাম্মদ শাহীন মিয়া এবং শিবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. আর. মুজিব।
কলেজের প্রভাষক মো. গোলাম কিবরিয়া ও প্রভাষক বাকির আহম্মেদ হামিম অনুষ্ঠান সঞ্চালনা করেন। এতে বক্তব্য দেন কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী রাহিবুল ইসলাম মারুফ, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মুক্তা আক্তারসহ অন্য অতিথিরা।
বক্তারা বলেন, মাদকাসক্তি শুধু একটি পরিবারকে ক্ষতিগ্রস্ত করে না, এর নেতিবাচক প্রভাব পড়ে পুরো সমাজে। মাদক প্রতিরোধে সরকারের একার পক্ষে সফল হওয়া কঠিন। এ জন্য প্রয়োজন সামাজিক সচেতনতা, তরুণদের সক্রিয় অংশগ্রহণ এবং পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বশীল ভূমিকা।
তাঁরা আরও বলেন, ধর্মীয় ও নৈতিক মূল্যবোধের চর্চা মাদক প্রতিরোধে সহায়ক হতে পারে। সুস্থ, সচেতন ও দায়িত্বশীল তরুণ সমাজ গড়ে তুলতে না পারলে বিজ্ঞান, সভ্যতা ও বৈশ্বিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাই মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও সমাজের সর্বস্তরের মানুষকে একযোগে কাজ করতে হবে।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে জেলা প্রশাসক মো. আবুসাঈদ মেধাবী শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি প্রদান করেন।
The post সন্তান কোথায় যায়, কার সঙ্গে মেশে—খেয়াল রাখুন: জেলা প্রশাসক appeared first on Dhaka Protidin.
