সিলেটে স্ত্রীর ছবি তুলতে বাধা দেওয়ায় ছুরিকাঘাতে হৃদয় কুমার হরিজন (৩৫) নামের এক যুবক খুন হয়েছেন। গত রোববার রাত ৮টার দিকে নগরের কাষ্টঘর এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হৃদয় কাষ্টঘর সুইপার কলোনির বাসিন্দা এবং সিলেট সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী ছিলেন। তিনি স্ত্রী ও চার সন্তান (দুই ছেলে ও দুই মেয়ে) রেখে গেছেন।
স্থানীয় সূত্র ও নিহতের পরিবার জানায়, রোববার রাতে কাষ্টঘর এলাকায় হৃদয়ের স্ত্রী পিংকী রানীর গোপনে ছবি তুলছিলেন আমিন নামের এক যুবক। বিষয়টি দেখতে পেয়ে হৃদয় বাধা দিলে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে আমিন মুঠোফোনে খবর দিয়ে আরও কয়েকজন যুবককে ডেকে আনেন। পরে তারা হৃদয়কে এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। ছুরিকাঘাতে ঘটনাস্থলেই হৃদয়ের মৃত্যু হয়।
নিহতের ছোট ভাই অজয় কুমার হরিজন বলেন, আমার ভাবির ছবি তোলা নিয়ে প্রতিবাদ করায় আমিনসহ কয়েকজন মিলে ভাইকে ডেকে এনে ছুরিকাঘাত করে হত্যা করেছে। সিলেট কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মো. মাইনুল জাকির বলেন, স্ত্রীর ছবি তোলাকে কেন্দ্র করে হত্যাকা-টি ঘটেছে বলে পরিবারের পক্ষ থেকে অভিযোগ পাওয়া গেছে। ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তার করতে পুলিশের একাধিক দল অভিযানে রয়েছে।