দীর্ঘ বিরতি ভেঙে সিনেমার গানে কণ্ঠ দিলেন জনপ্রিয় সংগীতশিল্পী মনির খান। মেহেদী হাসান পরিচালিত নির্মিতব্য ‘আলো’ চলচ্চিত্রের জন্য ‘আমার আলো চলে যায়’ শিরোনামের গানটি গেয়েছেন তিনি। গানটির কথা ও সুর করেছেন গীতিকার কবির বকুল। গত বৃহস্পতিবার রাজধানীর একটি স্টুডিওতে এর রেকর্ডিং সম্পন্ন হয়েছে।
‘আমার পৃথিবী আঁধার করে, আমার আলো চলে যায়’—এমন কথায় সাজানো গানটি নিয়ে উচ্ছ্বসিত মনির খান। নতুন গান প্রসঙ্গে তিনি বলেন, ‘কয়েক দিন পর পরই নতুন গানে কণ্ঠ দিই। আজ আলো চলচ্চিত্রের জন্য আমার আলো চলে যায় শিরোনামের একটি গানে কণ্ঠ দিলাম। বেশ অনেক দিন পর সিনেমার গান গাইলাম। আমার কাছে ভীষণ ভালো লেগেছে।’
দীর্ঘ সংগীতজীবনে অডিও অ্যালবামের পাশাপাশি চলচ্চিত্রের গানেও কণ্ঠ দিয়েছেন মনির খান। নব্বইয়ের দশকে জনপ্রিয়তা পাওয়া এ শিল্পীর গায়কিতে বরাবরই আবেগের প্রাধান্য রয়েছে। একক অ্যালবামের গান দিয়ে শ্রোতাদের কাছে পরিচিতি গড়ে তোলার পাশাপাশি চলচ্চিত্রের গানেও নিজের অবস্থান তৈরি করেছেন তিনি। আলো চলচ্চিত্রের নতুন গানটি সে ধারায় তার আরেকটি সংযোজন।
১৯৯৬ সালে ‘তোমার কোনো দোষ নেই’ শিরোনামের প্রথম একক অ্যালবাম প্রকাশের মধ্য দিয়ে অডিও ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু করেন মনির খান। এরপর একের পর এক অ্যালবাম প্রকাশের মাধ্যমে শ্রোতাদের কাছে জনপ্রিয় হয়ে ওঠেন তিনি। এ পর্যন্ত তার ৪২টির বেশি একক অ্যালবাম প্রকাশ হয়েছে। পাশাপাশি দ্বৈত ও মিশ্র অ্যালবামেও গান করেছেন এ শিল্পী। সংগীতে অবদানের স্বীকৃতি হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ একাধিক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন তিনি।
আলো চলচ্চিত্রে মনির খানের গাওয়া গানটি কবে প্রকাশ পাবে, তা এখনো জানা যায়নি। কবির বকুলের কথা ও সুরে এবং মনির খানের কণ্ঠে গানটি শ্রোতাদের মধ্যে কেমন সাড়া ফেলে, এখন সেটিই দেখার বিষয়।
