ছবি: সংগৃহীত
-->হলিউডের টম হ্যাংকস, বলিউডের শাহরুখ খান, চীনের জ্যাকি চ্যান কিংবা হংকংয়ের কিংবদন্তি ব্রুস লি। বিশ্ব চলচ্চিত্রের পরিচিত এসব মুখের সঙ্গে একই তালিকায় এবার বাংলাদেশের শাকিব খান। বিশ্বের বিভিন্ন দেশের চলচ্চিত্র তারকাদের নিয়ে প্রকাশিত একটি তালিকায় তার নাম আসায় নতুন করে আলোচনায় বাংলাদেশের সিনেমা ও তারকাদের আন্তর্জাতিক পরিচিতি।
তালিকাটি প্রকাশ করেছে ইন্দোনেশিয়ার অর্থনীতি বিষয়ক সংবাদমাধ্যম ওয়ার্তা ইকোনোমি। এতে ৫০টি দেশের চলচ্চিত্র তারকাদের নাম রয়েছে। তালিকার শীর্ষে আছেন যুক্তরাষ্ট্রের অভিনেতা টম হ্যাংকস। দ্বিতীয় স্থানে বলিউড বাদশাহ শাহরুখ খান। তাদের পাশাপাশি রয়েছেন চীনের অ্যাকশন তারকা জ্যাকি চ্যান, হংকংয়ের ব্রুস লি, পাকিস্তানের ফাওয়াদ খান ও তুরস্কের জনপ্রিয় অভিনেতা বুরাক ওজচিভিত। এই তারকাদের সঙ্গে একই তালিকায় জায়গা পেয়েছেন বাংলাদেশের শাকিব খান। ঢালিউডের এই মেগাস্টারের অবস্থান ২৫ নম্বরে।
প্রতিবেদন অনুযায়ী, বিভিন্ন দেশের চলচ্চিত্র তারকাদের জনপ্রিয়তা ও তারকাখ্যাতি বিবেচনায় নিয়ে তালিকাটি তৈরি করা হয়েছে। তবে এই মূল্যায়নের বিস্তারিত পদ্ধতি সম্পর্কে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি। ফলে তালিকার অবস্থান দিয়ে তারকাদের জনপ্রিয়তার চূড়ান্ত বিচার করা কঠিন। তবু আন্তর্জাতিক তারকাদের সঙ্গে একই তালিকায় শাকিবের নাম থাকা বাংলাদেশের চলচ্চিত্রপ্রেমীদের জন্য আগ্রহের খবর।
ঢালিউডে শাকিব খানের পথচলা আড়াই দশকেরও বেশি সময়ের। দীর্ঘ এই যাত্রায় কখনো রোমান্টিক নায়ক, কখনো অ্যাকশন হিরো হয়ে পর্দায় হাজির হয়েছেন তিনি। বাণিজ্যিক সিনেমার দর্শকদের কাছে তৈরি করেছেন আলাদা পরিচিতি। সময়ের সঙ্গে বদলেছে সিনেমার ধরন, বদলেছে দর্শকের রুচি। সেই পরিবর্তনের মধ্যেও দেশের শীর্ষ নায়কদের একজন হিসেবে নিজের অবস্থান ধরে রেখেছেন শাকিব।
ঈদে তার সিনেমা মুক্তি পাওয়া মানেই দর্শকের মধ্যে বাড়তি কৌতূহল। নতুন সিনেমার ঘোষণা থেকে শুরু করে মুক্তির তারিখ, নানা বিষয় নিয়েই ভক্তদের আগ্রহ থাকে। এবারও সামনে রয়েছে নতুন সিনেমার আয়োজন। আসন্ন রোজার ঈদে মুক্তির কথা রয়েছে মেহেদী হাসান হৃদয় পরিচালিত সিনেমা ‘নিঃস্ব’। হিমেল আশরাফের পরিচালনায় কোরবানির ঈদে আসার কথা ‘মহব্বত’ । এ ছাড়াও সাকিব ফাহাদ-এর পরিচালনায় শুটিং ও মুক্তি নিয়ে আলোচনায় রয়েছে ‘সোলজার’।
