আন্তর্জাতিক উচ্চশিক্ষা ও গবেষণায় সহযোগিতা বাড়াতে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এইউবি) ও মালয়েশিয়ার ইউনিভার্সিটি সায়েন্স ইসলাম (ইউএসআইএম)। এর মাধ্যমে দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পারস্পরিক শিক্ষা গ্রহণ, গবেষণা, পাঠ্যক্রম উন্নয়ন ও জ্ঞান বিনিময়ের সুযোগ তৈরি হবে।
শুক্রবার (১৬ অক্টোবর) এইউবির আয়েশা মেমোরিয়াল হলে ‘উচ্চশিক্ষা ও সম্ভাবনার পথ’ শীর্ষক আন্তর্জাতিক সেমিনার শেষে এ সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়।
সেমিনারে প্রধান অতিথি ছিলেন এইউবির প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ড. আবুল হাসান মুহাম্মদ সাদেক। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইউএসআইএমের নেতৃত্ব ও ব্যবস্থাপনা অনুষদের সহযোগী অধ্যাপক ও ডিন ড. মোহাম্মদ রুশদান মোহাম্মদ জিলানি। মালয়েশিয়ায় উচ্চশিক্ষার সুযোগ ও সম্ভাবনা নিয়ে বক্তব্য দেন ইউএসআইএমের সহযোগী অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়টির দূত ড. মো. ইউসুফ আলী।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এইউবির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মোশাররফ হোসেন ভূঁইয়া। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের আন্তর্জাতিক উচ্চশিক্ষার সুযোগ সম্পর্কে ধারণা দেবে এবং দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে সহযোগিতা জোরদার করবে।
সমঝোতা স্মারকের আওতায় দুই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পারস্পরিক ক্যাম্পাসে পড়াশোনা, সমসাময়িক বৈশ্বিক বিষয় নিয়ে যৌথ গবেষণা, আন্তর্জাতিক মান অনুযায়ী পাঠ্যক্রম আধুনিকায়ন এবং শিক্ষা ও সংস্কৃতি বিনিময়ের সুযোগ তৈরি হবে বলে জানানো হয়।
অনুষ্ঠান সঞ্চালনা করেন এইউবির ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মিজানুর রহমান ভূঁইয়া। এতে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
