ফরিদপুরের কানাইপুরে ঢাকা-খুলনা মহাসড়কের তেঁতুলতলা এলাকায় বালুবোঝাই ট্রাক উল্টে প্রাইভেটকারের ওপর পড়ে মা ও ছেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
আজ শুক্রবার বিকেল সাড়ে ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— চাঁপাইনবাবগঞ্জ জেলার পলাশ মিয়ার স্ত্রী সুমি বেগম (৩২) ও তার ছেলে শাওন (৭)।
স্থানীয় সূত্রে জানা গেছে, সুমির পরিবার মাগুরার মোহাম্মদপুরে তাঁর বাবার বাড়ি থেকে প্রাইভেটকারে করে ঢাকার দিকে যাচ্ছিল। পথে কানাইপুরের তেঁতুলতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি বালুবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটির ওপর উল্টে পড়ে। এতে প্রাইভেটকারটি ট্রাকের নিচে চাপা পড়ে হতাহতের ঘটনা ঘটে।
দুর্ঘটনার পর স্থানীয় লোকজন প্রাইভেটকারে থাকা ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুমি বেগম ও তাঁর ছেলে শাওনের মৃত্যু হয়। আহত অন্য তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ফরিদপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার শ্রীবাস বাড়ৈ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনাটি ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। দুর্ঘটনায় প্রাইভেটকারের পাশাপাশি একটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়েছে। বালুর নিচে প্রাইভেটকারের ভেতরে একজন আটকা পড়েছিলেন। প্রায় এক ঘণ্টার চেষ্টায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। এ ঘটনায় ৩ জন আহত হয়েছেন এবং তাদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে করিমপুর হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) আতিকুল ইসলাম বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি হাইওয়ে থানায় এনে রাখা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
রিপোর্ট : এটিএন নিউজ/সা.সি
