শারদীয় দুর্গাপূজা ও সাপ্তাহিক ছুটিসহ টানা পাঁচ দিনের ছুটিতে পর্যটকদের পদচারণায় জমজমাট হয়ে উঠেছে দেশের প্রধান পর্যটন নগরী কক্সবাজার। সকাল থেকেই সমুদ্রসৈকতের বিভিন্ন পয়েন্টে পর্যটকদের উপচে পড়া ভিড় দেখা গেছে।
সাগরের নীল জলরাশি, ঢেউয়ের গর্জন আর বালিয়াড়ির সৌন্দর্য উপভোগ করতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে কক্সবাজারে ছুটে এসেছেন পর্যটকেরা। পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে আনন্দঘন সময় কাটাচ্ছেন তাঁরা। কেউ সমুদ্রের ঢেউ উপভোগ করছেন, কেউ আবার ছবি তুলে স্মরণীয় করে রাখছেন ভ্রমণের মুহূর্ত।
সৈকতে ঘোড়ায় চড়া, বিচবাইক ও জেটস্কিতে ভ্রমণের পাশাপাশি সাগরে গোসল করতেও দেখা যাচ্ছে অনেককে। কয়েকজন পর্যটক জানান, কক্সবাজারের সমুদ্রসৈকত সব সময়ই তাঁদের কাছে আকর্ষণীয়। পরিবারের সদস্যদের সঙ্গে সমুদ্রপাড়ে সময় কাটানোর অভিজ্ঞতা তাঁদের কাছে আনন্দের।
পর্যটকের সংখ্যা বাড়তে থাকায় সৈকতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। লাইফগার্ড ও নিরাপত্তাকর্মীরা সার্বক্ষণিক নজরদারি করছেন।
এদিকে, পর্যটন ব্যবসায়ীদের প্রত্যাশা, টানা পাঁচ দিনের ছুটিতে কক্সবাজারে সাত লাখের বেশি পর্যটকের সমাগম হতে পারে। পর্যটকদের এই সম্ভাব্য আগমনকে কেন্দ্র করে পর্যটনসংশ্লিষ্ট ব্যবসায়ীদের মধ্যে বাড়তি আশাবাদ তৈরি হয়েছে।
এমএম/
