নাটোরের লালপুরে ভেল্লাবাড়ীয়া হযরত বাগুদেওয়ান (রহ.) মাজার ও মসজিদে চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২২ অক্টোবর) রাতে দুর্বৃত্তরা মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স ভেঙে টাকা নিয়ে গেছে। এ সময় প্রায় তিন ফুট লম্বা একটি স্টিলের বাক্সও চুরি করে তারা।
চুরি হওয়া টাকার সঠিক পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে মাজার পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, সিন্দুকে প্রায় তিন বছরের টাকা জমা ছিল। তিন থেকে চার মাস পরপর সিন্দুক খোলা হলে প্রতিবার ৫০ থেকে ৬০ হাজার টাকা পাওয়া যেত।
মাজার পরিচালনা কমিটির সভাপতি ও লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেশকাতুল ইসলাম বলেন, মাজারে চুরির ঘটনা ঘটেছে। মসজিদের দানবাক্স প্রতি শুক্রবার খোলা হয়। চুরি হওয়া সিন্দুকটি পুরোনো ছিল। এ ছাড়া একটি পুরোনো বাক্সে কাগজপত্র রাখা ছিল। এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে।
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। মামলা হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
The post লালপুরে মাজারের সিন্দুক ও মসজিদের দানবাক্স চুরি appeared first on ভোরের চেতনা.
