চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) চলমান অচলাবস্থার মধ্যে প্রশাসনিক ভবনের তালা ভেঙে প্রবেশ করেছেন নতুন উপাচার্য অধ্যাপক ড. শেখ শরীফুল আলম।
সোমবার (১২ অক্টোবর) সকাল পৌনে ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-২-এর তালা ভেঙে তিনি ভেতরে প্রবেশ করেন।
উল্লেখ্য, গত ২১ সেপ্টেম্বর নিয়োগের মাত্র ৫৬ দিনের মাথায় চুয়েটের উপাচার্য অধ্যাপক ড. আবু সাদাত মুহাম্মদ সায়েমকে অপসারণ করা হয়। একই দিন নতুন উপাচার্য হিসেবে অধ্যাপক ড. শেখ শরীফুল আলমকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়।
নতুন উপাচার্য নিয়োগের খবর ছড়িয়ে পড়ার পর ওই রাতেই বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। পরে তাঁরা প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন। এর পরদিন ২২ সেপ্টেম্বর থেকে বিশ্ববিদ্যালয়ে সর্বাত্মক শাটডাউন কর্মসূচি পালন করছেন শিক্ষার্থীরা।
