স্টাফ রিপোর্টার ॥ যশোরের বিশিষ্ট ইলেকট্রনিক্স ব্যবসায়ী, খোকন ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী, যশোর ইনস্টিটিউট পরিচালনা পরিষদের সহসাধারণ সম্পাদক এবং যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির কোষাধ্যক্ষ শাহজাহান আলী খোকন আর নেই। শুক্রবার দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে তিনি ইন্তিকাল করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
তাঁর আকস্মিক মৃত্যুতে যশোরের ব্যবসায়ী, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে।
যশোর ইনস্টিটিউটের নাট্য বিভাগের সম্পাদক আলমগীর হোসেন জানান, শুক্রবার দুপুরে পৌর কমিউনিটি সেন্টারে একটি নিমন্ত্রণে অংশ নিতে গিয়েছিলেন শাহজাহান আলী খোকন। সেখানে বেলা পৌনে ৩টার দিকে তিনি হৃদরোগে আক্রান্ত হন। এ সময় তাঁর সঙ্গে থাকা যশোর ইনস্টিটিউটের সাধারণ সম্পাদক এ জেড এম সালেক দ্রুত তাঁকে যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রাহুল দেব ঘোষ প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে বিকেল ৩টা ১১ মিনিটে তাঁকে মৃত ঘোষণা করেন।
মরহুম শাহজাহান আলী খোকন স্ত্রী ও একমাত্র কন্যা ডা. সৈয়দ কাশফা জামানসহ অসংখ্য আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন।
তাঁর মৃত্যুর খবর পেয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান ও বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক নার্গিস বেগম, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও দৈনিক লোকসমাজের প্রকাশক শান্তনু ইসলাম সুমিত তাৎক্ষণিকভাবে হাসপাতালে যান। তাঁরা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি ও পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সৈয়দ মো. সাবেরুল হক সাবু, জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক মো. দেলোয়ার হোসেন খোকন, যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. মিজানুর রহমান খান, সাধারণ সম্পাদক মো. তানভীরুল ইসলাম সোহান, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার মো. রবিউল ইসলামসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

হাসপাতাল থেকে মরহুমের মরদেহ শহরের হরিনাথ দত্ত লেনের নিজ বাসভবনে নেওয়া হয়। সেখানে তাঁকে শেষবারের মতো দেখতে ভিড় করেন বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ব্যবসায়ী এবং সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিরা। পরিচিতজনদের কাছে তাঁর আকস্মিক চলে যাওয়া ছিল গভীর বেদনার।
শনিবার দুপুর ২টায় যশোর টাউন হল ময়দানে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। জানাজা শেষে তাঁকে দাফন করা হবে।
বহুমুখী সামাজিক ও সাংগঠনিক সম্পৃক্ততা
ব্যবসায়ী হিসেবে পরিচিতির পাশাপাশি বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন শাহজাহান আলী খোকন। যশোর ইনস্টিটিউট ও যশোর চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির দায়িত্ব পালনের পাশাপাশি তিনি এম এম আলী রোডের বায়তুস সালাম মসজিদের কার্যকরী কমিটির সদস্য, কারবালা ওয়াকফের সদস্য এবং সাংস্কৃতিক সংগঠন ব্যঞ্জন থিয়েটারের উপদেষ্টা ছিলেন। এ ছাড়া বৈদ্যুতিক দোকান মালিক সমবায় সমিতি লিমিটেডের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তাঁর মৃত্যুতে বৈদ্যুতিক দোকান মালিক সমিতির পক্ষ থেকে শনিবার পূর্ণ দিবস দোকান বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। শুক্রবার সন্ধ্যায় মাইকে প্রচার করে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাঁর সম্পৃক্ততা যশোরের পরিচিত মহলে তাঁকে গুরুত্বপূর্ণ অবস্থানে প্রতিষ্ঠিত করেছিল। তাঁর আকস্মিক প্রয়াণে সহকর্মী, শুভানুধ্যায়ী ও পরিচিতজনদের মধ্যে গভীর শোকের আবহ সৃষ্টি হয়েছে।
The post যশোরের বিশিষ্ট ব্যবসায়ী ও সামাজিক ব্যক্তিত্ব শাহজাহান আলী খোকনের ইন্তিকাল appeared first on লোকসমাজ.
