প্রেমের গুঞ্জন, লন্ডনে অক্ষয়পুত্রের সঙ্গে ছুটি কাটাচ্ছেন অনন্যা
-
নিজস্ব প্রতিবেদক - Update Time : 12:39:45 pm, Saturday, 24 October 2026
- 3 Time View
ডেস্ক রিপোর্ট: বলিউড অভিনেত্রী অনন্যা পাণ্ডে ও অভিনেতা অক্ষয় কুমারের ছেলে আরভ ভাটিয়ার প্রেমের গুঞ্জন বেশ কিছুদিন ধরেই চলছে। যদিও এ নিয়ে কখনোই প্রকাশ্যে কিছু স্বীকার করেননি তারা।
এবার লন্ডনে একসঙ্গে ছুটি কাটানোর মুহূর্ত সামনে আসতেই নতুন করে আলোচনায় এই জুটি। সম্প্রতি লন্ডনে সময় কাটানোর কয়েকটি মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাগ করে নিয়েছেন অনন্যা।
একটি ছবিতে হাতে মাফিন নিয়ে ক্যামেরার সামনে পোজ দিতে দেখা যায় তাকে ও আরভকে। ছবিটি অনন্যার বন্ধু তাহিরা চাওলা শেয়ার করেছিলেন।
পরে সেটি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে পুনরায় শেয়ার করেন অভিনেত্রী।
তবে কি বন্ধুত্বের সম্পর্ক পেরিয়ে প্রেমের পথে হাঁটছেন তারা? একসঙ্গে ছুটি কাটানোর ছবি সেই প্রশ্নই উসকে দিয়েছে। যদিও তাদের সম্পর্কের বিষয়ে নিশ্চিত কোনো তথ্য প্রকাশ্যে আসেনি।
অনন্যা ও আরভের প্রেমের গুঞ্জন অবশ্য নতুন নয়। এর আগেও বিভিন্ন সময়ে তাদের সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছে। তবে দুজনই বরাবর নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে নীরব থেকেছেন। এবার লন্ডনে একসঙ্গে সময় কাটানোর ছবি সেই পুরোনো গুঞ্জনকে আবারও সামনে নিয়ে এসেছে।
২০১৯ সালে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার ২’ সিনেমার মাধ্যমে বলিউডে অভিষেক হয় অনন্যার। অভিনেতা চাঙ্কি পাণ্ডের মেয়ে এরপর ‘পতি পত্নী অউর ওহ’, ‘ড্রিম গার্ল ২’-এর মতো সিনেমায় অভিনয় করেছেন। বড় পর্দার পাশাপাশি ওটিটি প্ল্যাটফর্মেও নিজের জায়গা তৈরি করেছেন তিনি। ‘কল মি বে’ সিরিজে অভিনয় করেও আলোচনায় আসেন এই অভিনেত্রী।
অন্যদিকে, বলিউডের জনপ্রিয় তারকা অক্ষয় কুমার ও লেখক-অভিনেত্রী টুইঙ্কেল খান্নার ছেলে আরভ বরাবরই প্রচারের আলো থেকে দূরে থাকতে পছন্দ করেন। নিজের ব্যক্তিগত জীবন নিয়েও খুব একটা প্রকাশ্যে কথা বলেন না তিনি। সন্তানদের ভবিষ্যৎ ও পেশাগত সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা দেওয়ার পক্ষপাতী অক্ষয় কুমার। ছেলে-মেয়েরা ভবিষ্যতে কোন পথে এগোবে, সে সিদ্ধান্ত তাদের ওপরই ছেড়ে দিয়েছেন এই অভিনেতা।এদিকে অনন্যা ও আরভের একসঙ্গে সময় কাটানোর ছবি ঘিরে ভক্তদের কৌতূহল বাড়লেও, তাদের সম্পর্কের সমীকরণ ঠিক কী, তা নিয়ে এখনো স্পষ্ট করে কিছু জানা যায়নি। ফলে প্রেমের গুঞ্জন সত্যি কি না, সেই উত্তর পেতে অপেক্ষা করতে হবে আরও কিছুদিন।
Tag :
Popular Post
