ঢাকার সাভারে নাকের পলিপাসের অস্ত্রোপচার করতে গিয়ে আবরাহাম নামে নয় বছরের এক শিশুর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনার পর ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালের অভ্যর্থনাকক্ষসহ কয়েকটি কক্ষে ভাঙচুর করেন। বুধবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার রাজাবাড়ী এলাকার আব্বাস স্পেশালাইজড হাসপাতাল লিমিটেডে এ ঘটনা ঘটে।
সাভার মডেল থানার পরিদর্শক (তদন্ত) মোশাররফ হোসেন এ তথ্য জানিয়েছেন।
মৃত আবরাহাম মানিকগঞ্জের সিংগাইর উপজেলার রাজনগর নোয়াদ্দা এলাকার দুবাইপ্রবাসী আল আমিনের ছেলে।
শিশুটির মামা রুবেল বলেন, বুধবার সকালে নাকের পলিপাসের অস্ত্রোপচারের জন্য আবরাহামকে হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে অস্ত্রোপচারের জন্য নেওয়া হয়। কিছুক্ষণ পর চিকিৎসকেরা জানান, তার শারীরিক অবস্থার অবনতি হয়েছে। পরে তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শিশুটির চাচা আমিনুর রহমান দাবি করেন, পরে সেখানে গিয়ে তারা আবরাহামের মৃত্যুর খবর জানতে পারেন। স্বজনদের অভিযোগ, ভুল চিকিৎসার কারণে শিশুটির মৃত্যু হয়েছে।
এ ঘটনার পর ক্ষুব্ধ স্বজনরা হাসপাতালের অভ্যর্থনাকক্ষসহ কয়েকটি কক্ষে ভাঙচুর করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
হাসপাতালের মালিক আব্বাস উদ্দিনের সঙ্গে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।
হাসপাতালের প্রশাসনিক কর্মকর্তা পরিচয়ে মজিবুর রহমান বলেন, অ্যানেসথেসিয়া দেওয়ার পর নাক দিয়ে ক্যানুলা প্রবেশ করানোর সময় শিশুটির শারীরিক সমস্যা দেখা দেয়। পরে অবস্থার অবনতি হলে হাসপাতালের কর্মীরা তাকে এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পরিদর্শক মোশাররফ হোসেন বলেন, শিশুটির মৃত্যুর খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফজলে বারী বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে। শিশুটির স্বজনেরা লিখিত অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।
সানা/আপ্র/২২/১০/২০২৬
