নেত্রকোনার দুর্গাপুরে সাংবাদিক লুৎফুজ্জামান ফকির আলিফ হত্যা মামলায় আশিকুর রহমান প্রাঙ্গণ (২১) নামের আরও এক সন্দেহভাজনকে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৪।
মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে দুর্গাপুর পৌর শহরের শহীদ মিনার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তিনি দুর্গাপুরের বাগিচাপাড়া এলাকার বাসিন্দা।
বিজ্ঞাপন
এসআরবি-১৪ এর সিনিয়র সহকারী পরিচালক ও মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান এ তথ্য নিশ্চিত করেছেন।
এসআরবি জানায়, রাত পৌনে ১২টার দিকে ওই এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে আলিফ হত্যা মামলার অন্যতম সন্দেহভাজন আশিকুর রহমান প্রাঙ্গণকে গ্রেফতার করা হয়। তাকে দুর্গাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
বিজ্ঞাপন
দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার সাকের আহমেদ আশিকুর রহমান প্রাঙ্গণকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে।
তিনি জানান, এসআরবির অভিযানে আটকের পর তাকে থানায় হস্তান্তর করা করা হয়েছে। তাকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আদালতে পাঠানো হবে।
এর আগে ১৭ অক্টোবর রাতে এ মামলায় সাজিবুল ইসলাম ওরফে অপূর্ব নামে আরেক সন্দেহভাজনকে গ্রেফতার করে পুলিশ। তাকে জিজ্ঞাসাবাদের জন্য প্রথমে এক দিন এবং পরে আরও চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
বিজ্ঞাপন
পুলিশ বলছে, অপূর্বর জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই করা হচ্ছে এবং হত্যাকাণ্ডে একাধিক সূত্র ধরে তদন্ত চলছে।
ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান জানান, আলিফ হত্যা মামলার তদন্তে সিআইডি ও পিবিআইকে যুক্ত করা হয়েছে। একজন সন্দেহভাজনকে গ্রেফতারের পর তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মামলার রহস্য উদঘাটন ও জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনার চেষ্টা চলছে।
বিজ্ঞাপন
তদন্তে একাধিক সংস্থা
গত ১৫ অক্টোবর রাতে দুর্গাপুর উপজেলার তেলঞ্জিয়া এলাকায় সাংবাদিক আলিফ ফকিরকে গুলি করে হত্যা করা হয়। ময়নাতদন্তে তার শরীরে ছয়টি গুলির আঘাতের চিহ্ন পাওয়া যায়। পরদিন তার স্ত্রী আনন্দিতা সাংমা বাদী হয়ে দুর্গাপুর থানায় অজ্ঞাতপরিচয় ৭-৮ জনকে আসামি করে হত্যা মামলা করেন।
আলিফ স্থানীয় আইপি টেলিভিশন ‘রূপসী বাংলা’র প্রতিনিধি ছিলেন। পাশাপাশি ‘ডিটেকটিভ আর্টিকেল’ নামে একটি সামাজিক যোগাযোগমাধ্যম পেজে সীমান্ত এলাকার বিভিন্ন অনিয়ম, অপরাধ ও নেতিবাচক কর্মকাণ্ড নিয়ে অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করতেন। তার মৃত্যুর পর প্রকাশিত পুরোনো একটি ভিডিওতে তিনি নিজের নিরাপত্তা নিয়েও আশঙ্কা প্রকাশ করেছিলেন।
কামাল হোসেন/এসআর/জেআইএম
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
