চট্টগ্রামে সোনার গহনা আত্মসাতের মামলায় এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। তার দেওয়া তথ্যের ভিত্তিতে উদ্ধার করা হয়েছে ১১ লাখ টাকার বেশি মূল্যের সোনার গহনা।
নগরের চকবাজার থানায় সোনার গহনা আত্মসাতের অভিযোগে দায়ের করা মামলায় লাইলাতুল নুসরাত নিপা (৩৬) নামে ওই নারীকে গ্রেফতার করা হয়। সোমবার (১৯ অক্টোবর) সিএমপি আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৭ অক্টোবর বিকেল সাড়ে ৪টার দিকে বাদীর বোন নিপা তার জায়ের মেয়ের শ্বশুরবাড়িতে দাওয়াতে যাওয়ার কথা বলে বাদীর স্ত্রী ও মায়ের কাছ থেকে ৮ ভরি ৮ আনা ওজনের বিভিন্ন ধরনের সোনার গহনা নিয়ে যান। পরে সেগুলো বিক্রি করে টাকা আত্মসাৎ করে আত্মগোপনে চলে যান বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় বাদীর অভিযোগের ভিত্তিতে ১৮ অক্টোবর চকবাজার থানায় প্রতারণা ও বিশ্বাসভঙ্গের অভিযোগে মামলা করা হয়। মামলার পরপরই ওই দিন দুপুর দেড়টার দিকে নগরের খুলশী থানার বাগঘোনা এলাকায় অভিযান চালিয়ে নিপাকে গ্রেফতার করে পুলিশ।
বিজ্ঞাপন
প্রাথমিক জিজ্ঞাসাবাদে নিপা জানান, আত্মসাৎ করা সোনার গহনাগুলো নগরের কোতোয়ালি থানার দিদার মার্কেটের নিচতলায় অবস্থিত নোভা জুয়েলার্সের ম্যানেজার শুভ মজুমদারের (৩৬) কাছে বিক্রি করেছেন। পরে গ্রেফতার নারীকে সঙ্গে নিয়ে ওই দোকানে অভিযান চালানো হয়।
পুলিশ জানায়, দোকানের ম্যানেজারের বক্তব্য অনুযায়ী, নিপা ও তার পরিবারের সঙ্গে দীর্ঘদিন ধরে সোনা কেনাবেচা ও পরিবর্তনের ব্যবসায়িক সম্পর্ক ছিল। সেই পরিচয়ের সূত্রে তিনি স্বর্ণালংকারগুলো কিনেছিলেন। পরে ব্যবসায়িক প্রয়োজনে সেগুলো গলিয়ে নতুন গহনা তৈরি করা হয়।
অভিযানকালে দোকানের ম্যানেজারের উপস্থাপন এবং গ্রেফতার নারীর শনাক্তমতে বিভিন্ন ধরনের সোনার গহনা জব্দ করা হয়। জব্দ অলংকারের মধ্যে রয়েছে আংটি, কানের দুল, হাতের বালা ও গলার চেইন। সব মিলিয়ে ৫ ভরি ১ রতি ১ পয়েন্ট সোনার গহনা জব্দ করা হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ১১ লাখ টাকার বেশি।
বিজ্ঞাপন
পুলিশ জানিয়েছে, আত্মসাৎ করা বাকি সোনার গহনা জব্দ এবং ঘটনার সঙ্গে জড়িত অন্য ব্যক্তিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এএমএ
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
