আজকাল ওয়েবডেস্ক: পূর্বনির্ধারিত কর্মসূচিতে বদল এনে মঙ্গলবার বিকেলে বিশেষ বিমানে দিল্লি রওনা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আমন্ত্রণে ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির প্রতিনিধিদের নিয়ে আয়োজিত একটি বিশেষ বৈঠক ও নৈশভোজে যোগ দিতেই তাঁর এই সফর। কাজ সেরে মঙ্গলবার রাতেই কলকাতায় ফিরে আসার কথা রয়েছে মুখ্যমন্ত্রীর।
মঙ্গলবার রানাঘাটের চারের পল্লী দুর্গাপুজোর উদ্বোধন করে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিল্লি সফরের কথা জানান মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের আমন্ত্রণে ব্রিকস গোষ্ঠীভুক্ত দেশগুলির একটি ডিনার মিটিং রয়েছে। বিকেলে দিল্লি যাচ্ছি এবং কাজ সেরে রাতেই কলকাতা ফিরে আসব।” এই বৈঠকে রাজ্যের কয়েকজন নির্বাচিত সাংসদকেও আমন্ত্রণ জানানো হয়েছে বলে জানান তিনি। তাঁরাও বৈঠকে উপস্থিত থাকবেন।
দিল্লি যাওয়ার আগে এদিন নদিয়ার রানাঘাট চারের পল্লীর পুজোর মণ্ডপে দাঁড়িয়ে নদীয়ার সাধারণ মানুষকে শারদোৎসবের শুভেচ্ছা জানিয়ে তিনি বলেন, “প্রভু চৈতন্যদেবের পুণ্যভূমি নদিয়ার রানাঘাটে মা দুর্গার অসংখ্য ভক্তকে অভিনন্দন জানাই।”
মঙ্গলবার বিকেল সাড়ে ৩টে নাগাদ দিল্লির উদ্দেশ্যে রওনা দেন শুভেন্দু। বিজেপি সূত্রে খবর, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে এক জরুরি উচ্চপর্যায়ের বৈঠকে বসার সম্ভাবনা রয়েছে শুভেন্দুর। মঙ্গলবার রাতেই কলকাতায় ফিরে বুধবার মুর্শিদাবাদ জেলা সফরে যাওয়ার কথা তাঁর। সেখানে কয়েকটি দুর্গাপুজোর উদ্বোধন করবেন শুভেন্দু। দুর্গাপুজোর উদ্বোধনী কর্মসূচির মধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের আমন্ত্রণে মুখ্যমন্ত্রীর এই দিল্লি সফর রাজনৈতিক ও প্রশাসনিক মহলে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। অনেকের মতে আগামী নভেম্বরে কলকাতা এবং হাওড়া পুরসভা নির্বাচনের কৌশল নিয়েও আলোচনা হতে পারে।
