Published : 12 Oct 2026, 08:00 AM
Updated : 11 Oct 2026, 03:40 PM
নেত্রকোণার হাওর এলাকায় প্রায়ই বন্যা, খরা বা অন্য কোনো দুর্যোগ দেখা দেয়। একফসলি এই এলাকার নিম্ন আয়ের মানুষ দুর্যোগে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়। যা মেয়েদের বাল্যবিয়ের ঝুঁকি বাড়ায়।
নেত্রকোণায় চার দশকের বেশি সময় ধরে সাংবাদিকতা করছেন লাভলু পাল চৌধুরী। বাল্যবিয়ে নিয়ে নানা কাজের অভিজ্ঞতা থেকে হ্যালো ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের সঙ্গে আলাপচারিতায় তিনি এ মন্তব্য করেন।
তার ভাষ্য, দুর্যোগের কারণে ক্ষতিগ্রস্ত হওয়ার পর হাওড় এলাকার দরিদ্র পরিবারগুলোর অনেকেই মেয়েদের খুব অল্প বয়সে বিয়ে দিয়ে দেন।
তিনি বলেন, অনেক সময় পরিবার মেয়েকে বোঝা মনে করে। আবার মেয়েটি বড় হয়ে উঠলে তার নিরাপত্তা নিয়েও পরিবারে দুশ্চিন্তা তৈরি হয়। এসব কারণেও অল্প বয়সে মেয়েদের বিয়ে দেওয়া হয়।
লাভলু পাল চৌধুরী মনে করেন, বাল্যবিয়ে ঠেকাতে মেয়েদেরও সচেতন হতে হবে। পরিবার থেকে বিয়ের চাপ এলে আশপাশের সচেতন মানুষ, জনপ্রতিনিধি, প্রশাসন বা গণমাধ্যমকর্মীদের সঙ্গে যোগাযোগ করে সহযোগিতা নিতে পারে তারা।
প্রতিবেদকের বয়স: ১৩। জেলা: নেত্রকোণা।
