কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভের ৮০ কিলোমিটার এলাকায় হাজারের বেশি বিভিন্ন ধরণের প্রতিষ্ঠান রয়েছে। যেখানে যাচাই বাছাই করে আড়াই শত প্রতিষ্ঠানের বৈধতা পননি কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তর। এসব প্রতিষ্ঠানকে স্ব-স্ব সংস্থার পক্ষে নোটিশ প্রদান করে সর্তক করা হলে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হয়নি। অবৈধভাবে পরিচালনা করে আসছিল এসব প্রতিষ্ঠান।
এর মধ্যে ভয়াবহ আগুনে যে রিসোর্টটিতে ১০ পর্যটকের প্রাণহানির ঘটনা ঘটেছে ওই প্রতিষ্ঠানের ছিল না কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ, ফায়ার সার্ভিস ও পরিবেশ অধিদপ্তরের অনুমতিও।
শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে মেরিন ড্রাইভসংলগ্ন পাটুয়ারটেক এলাকার টুপটুপ রিসোর্টটিতে আগুন লাগে। এতে ১০ জনের প্রাণহানি এবং ৬ জন আহত হওয়ার পর বিষয়টি প্রকাশ্যে এসেছে।
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিম উদ্দিন জানান, টুপটুপ রিসোর্টটি কউকের কর্তৃপক্ষের অনুমোদন ছিল না। এব্যাপারে নোটিশ প্রদান করা হলেও কার্যকর ব্যবস্থা নেয়া হয়নি।
তিনি জানান, মেরিন ড্রাইভের হাজারের বেশি প্রতিষ্ঠান রয়েছে। এর মধ্যে সব প্রতিষ্ঠান কউকের পক্ষে যাচাই করা সম্ভব হয়নি। ধারাবাহিকভাবে যাচাই করার কাজ চলছে। ইতিমধ্যে যাচাই করা আড়াই শত প্রতিষ্ঠানকে বৈধতা আনতে নোটিশ প্রদান করা হয়। মুলত নোটিশ প্রদান করার পর নির্ধারিত সময় পর্যন্ত অপেক্ষা করার পর চূড়ান্ত নোটিশ দিয়ে নির্বাহী ম্যাজিষ্ট্রেটের মাধ্যমে উচ্ছেদ অভিযানে যাওয়া হবে।
ঢাকায় এক সংবাদ সম্মেলনে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুল আফরীন জানান, টুপটুপ রেস্টুরেন্ট অ্যান্ড রিসোর্টের ফায়ার সার্ভিসের লাইসেন্স ছিল না। এ বিষয়ে আগে সতর্ক করা হলেও কর্তৃপক্ষ প্রয়োজনীয় বৈধতা নেয়নি বলে তিনি জানান।
কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের দায়িত্বশীল এক কর্মকর্তা জানান, টুপটুপ রিসোর্ট ছাড়াও দুই শতাধিক প্রতিষ্ঠানকে ফায়ার সার্ভিসের পক্ষে সতর্ক করে নোটিশ দেয়া হয়েছে আগেই। এসব প্রতিষ্ঠানের ফায়ার সার্ভিসের লাইসেন্স নেই। এব্যাপারে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য শনিবার ঢাকা থেকে নিদের্শনা এসেছে।
পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের উপ-পরিচালক খন্দাকার মাহমুদ পাশা জানান, মেরিন ড্রাইভের টুপটুপ রিসোর্ট সহ আড়াই শত প্রতিষ্ঠানের পরিবেশ ছাড়পত্র নেই। এব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।
এদিকে, বড় ধরণের দূর্ঘটনার পর এসব প্রতিষ্ঠানের বৈধতা না থাকার বিষয়টি প্রকাশ্যে আসার প্রশ্ন সংস্থার বিরুদ্ধে আপত্তি তুলেছেন সচেতন মহল।
কক্সবাজার নাগরিক আন্দোলনের সদস্যসচিব বেলাল আবেদীন জানান, পর্যটন বিকাশের পূর্ব শর্ত পর্যটকদের নিরাপত্তা। ভয়াবহ আগুনে ১০ জনের প্রাণহানির পর এই প্রতিষ্ঠান সহ অন্যান্য প্রতিষ্ঠারের বৈধতা নাই বলে দায় এড়াতে পারেনা কউক, পরিবশ অধিদপ্তর ও ফায়ার সার্ভিস।
