মোঃ আজম খাঁন চট্টগ্রামঃ
চট্টগ্রামের দামপাড়া পুলিশ লাইন্সে সিআইডির সাইবার পুলিশ সেন্টার ও ডিজিটাল ফরেনসিক ল্যাবের উদ্বোধন করা হয়েছে। বুধবার ১৪ অক্টোবর উদ্বোধন শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন বর্তমান সময়ে সাইবার অপরাধ ডিজিটাল প্রতারণা ও স্টক মার্কেট কারসাজিসহ প্রযুক্তিনির্ভর অপরাধ বাড়ছে। এসব অপরাধ প্রতিরোধ ও দমনে আধুনিক ডিজিটাল ফরেনসিক ল্যাবের বিকল্প নেই।
মন্ত্রী জানান দেশের আটটি বিভাগীয় সদর দপ্তরে ডিজিটাল ফরেনসিক ল্যাব স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। চট্টগ্রামে এ ল্যাব প্রতিষ্ঠায় দক্ষিণ কোরিয়া সরকার ও কোইকা সহযোগিতা করেছে। গত ১ অক্টোবর থেকে অতিরিক্ত আইজিপির নেতৃত্বে পুলিশ সাইবার ইউনিটের কার্যক্রমও শুরু হয়েছে।
তিনি বলেন ভবিষ্যতে কেন্দ্র থেকে জেলা ও উপজেলা পর্যায় পর্যন্ত ডিজিটাল বিশ্লেষণ কার্যক্রম সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে। অপরাধের ধরন পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আধুনিক প্রযুক্তি ও উন্নত সরঞ্জামে সক্ষম করে তোলা হবে।
আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন জনগণের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। অপরাধীদের গ্রেপ্তারে পুলিশকে বাধা দেওয়া কিংবা অপরাধীদের সহায়তার সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে বর্তমানে অপারেশন ক্লিন হার্ট এর মতো কোনো পরিকল্পনা সরকারের নেই বলেও জানান তিনি।
অনুষ্ঠানে চট্টগ্রাম ১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত কিম জি জুন পুলিশের আইজিপি আলী হোসেন ফকির সিআইডির অতিরিক্ত আইজিপি ব্যারিস্টার মোহাম্মদ মোশাররফ হোসাইনসহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা ও প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
The post সাইবার অপরাধ প্রতিরোধে আধুনিক ডিজিটাল ফরেনসিক ল্যাব অপরিহার্য স্বরাষ্ট্রমন্ত্রী appeared first on দৈনিক সবুজ বাংলাদেশ.
