জলবায়ু পরিবর্তনের ক্ষতি পুরোপুরি এড়ানো সম্ভব নয়। তবে আগাম প্রস্তুতি ও অভিযোজনের সক্ষমতা বাড়াতে পারলে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব। এ জন্য প্রতিরোধমূলক ব্যবস্থা নেওয়ার ওপর গুরুত্ব দিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী আবদুল আউয়াল মিন্টু।
আজ বৃহস্পতিবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘জলবায়ু পরিবর্তন ও অর্থনীতির পুনর্বিন্যাস’ শীর্ষক এক আলোচনায় মন্ত্রী এ কথা বলেন। দৈনিক বণিক বার্তা এই আলোচনা অনুষ্ঠানের আয়োজন করে।
মন্ত্রী বলেন, অতিরিক্ত গরমে শ্রমিকদের উৎপাদনশীলতা কমছে, অনিয়মিত বৃষ্টিতে নষ্ট হচ্ছে কৃষকের ফসল। অন্যদিকে লবণাক্ততা কৃষিজমি ও পানীয় জলের ওপর চাপ সৃষ্টি করছে। অতিবৃষ্টি, অনাবৃষ্টি, খরা ও বন্যার ক্ষতিকর প্রভাবও এখন স্পষ্ট।
আবদুল আউয়াল মিন্টু বলেন, ‘জলবায়ু পরিবর্তন কী, এর কারণে আমাদের কী ধরনের সমস্যা হতে পারে—এসব আমরা সবাই জানি। এখন এ থেকে মুক্তি পাওয়া যাবে না। কিন্তু প্রতিরোধমূলক ব্যবস্থা বা অভিযোজনের সক্ষমতা বাড়াতে পারলে ভবিষ্যতে ক্ষয়ক্ষতি কমানো সম্ভব।’
বিশ্বব্যাংকের ৬ অক্টোবরের হালনাগাদ পূর্বাভাস উল্লেখ করে মন্ত্রী বলেন, ২০২৫-২৬ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধি ৩ দশমিক ৪ শতাংশ হতে পারে। এটি চূড়ান্ত হিসাব নয়। তবে এ পূর্বাভাস অর্থনীতির সহনশীলতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা মনে করিয়ে দেয়।
কৃষিকে অর্থনীতির গুরুত্বপূর্ণ ভিত্তি উল্লেখ করে আবদুল আউয়াল মিন্টু বলেন, কৃষি শুধু খাদ্য উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ নয়। এর সঙ্গে গ্রামীণ কর্মসংস্থান, দারিদ্র্য হ্রাস, বাজারের স্থিতিশীলতা ও সামাজিক নিরাপত্তার বিষয়গুলোও জড়িত। দেশে সেচব্যবস্থার উন্নতি হলেও কৃষি এখনো অনেকাংশে আবহাওয়ার ওপর নির্ভরশীল।
দেশে প্রতিবছর ২০ থেকে ২২ লাখ মানুষের কর্মসংস্থান প্রয়োজন উল্লেখ করে মন্ত্রী বলেন, এ চাহিদা পূরণে বিনিয়োগ বাড়াতে হবে। অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবিলায় নিতে হবে বহুমুখী উদ্যোগ।
আলোচনায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইমুম পারভেজ বলেন, বৈশ্বিক উষ্ণায়নে বাংলাদেশের অবদান কম হলেও জলবায়ু পরিবর্তনের ক্ষতির শিকার দেশটি বেশি। লবণাক্ততা, বন্যা, ঘূর্ণিঝড় ও বাস্তুচ্যুতির মতো সমস্যা মানুষের জীবনকে প্রভাবিত করছে।
সাইমুম পারভেজ আরও বলেন, জীবাশ্ম জ্বালানিনির্ভর অর্থনীতি থেকে নবায়নযোগ্য জ্বালানিনির্ভর অর্থনীতিতে রূপান্তর গুরুত্বপূর্ণ। এ বিষয়ে সম্মিলিত আলোচনা ও উদ্যোগ জলবায়ু পরিবর্তনের ক্ষতি মোকাবিলায় সহায়তা করতে পারে।
