সালমান আলি আগার সেঞ্চুরিতে পাকিস্তানের চ্যালেঞ্জিং স্কোর। ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক পাকিস্তানের মুখোমুখি শ্রীলংকা ক্রিকেট দল। সিরিজের অপর দলটি হলো ইংল্যান্ড।
রোববার রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করে সালমান আলি আগার সেঞ্চুরিতে ৩০৫ রান করেছে পাকিস্তান।
দলের হয়ে ৯০ বলে ১০টি চার আর এক ছক্কার সাহায্যে ১০৭ রান করেন সালমান। ক্যারিয়ারের ৫৪তম ওয়ানডেতে এটা তার চতুর্থ সেঞ্চুরি। এছাড়া ৫৭ বলে ৪৫ রান করেন বাবর আজম। ৪০ বলে ৩৯ রান করেন সাদ বেগ।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৩২ রানে দুই ওপেনারের উইকেট হারিয়ে চাপের মধ্যে পড়ে যায় পাকিস্তান। এরপর দলের হাল ধরেন সাবেক অধিনায়ক বাবর আজম ও সাদ বেগ। তারা তৃতীয় উইকেটে ৭৪ রানের পার্টনারশিপ গড়েন।
দলকে খেলায় ফিরিয়ে ফিফটির কাছাকাছি গিয়ে আউট হন বাবর আজম। তিনি আউট হওয়ার মাত্র ১২ রানের ব্যবধানে ফেরেন সাদ বেগ।
পঞ্চম উইকেট জুটিতে হাসান নওয়াজকে সঙ্গে নিয়ে ৯৪ বলে ৯৭ রানের জুটি গড়েন সালমান আলি। ৪৯ বলে ৩৭ রান করে ফেরেন হাসান নওয়াজ। ষষ্ঠ উইকেটে আরাফাত মিনহাসকে সঙ্গে নিয়ে ৪৬ বলে ৬৪ রানের জুটি গড়েন সালমান আলি।
একটা পর্যায়ে ৫ উইকেটে পাকিস্তানের সংগ্রহ ছিল ২৭৯ রান। এরপর মাত্র ২৬ রানের ব্যবধানে ৫ উইকেট পতনের কারণে স্কোর আরেকটু মোটাতাজা করাতো দূরে থাক! ইনিংসের শেষ বল পর্যন্ত খেলতে পারেনি পাকিস্তান। ইনিংস শেষ হওয়ার ১ বল আগেই অলআউট হয় স্বাগতিকরা।
শ্রীলংকার হয়ে ৪ উইকেট নেন এহসান মালিঙ্গা, ৩ উইকেট নেন আসিথ ফার্নান্দো আর ২ উইকেট শিকার করেন দিলশান মাদুশঙ্কা।