সচিব পদে বড় পরিবর্তন এসেছে। পৃথক প্রজ্ঞাপনে গতকাল রবিবার সচিব পদে পদোন্নতি ও রদবদলের তথ্য জানিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, নৌ পরিবহন মন্ত্রণালয়ের সচিব জাকারিয়াকে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান করা হয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খানকে করা হয়েছে নৌ মন্ত্রণালয়ের সচিব। বস্ত্র ও পাট মন্ত্রণালযের সচিব শরফ উদ্দিন আহমদ চৌধুরী হয়েছেন বাণিজ্য সচিব। জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির রেক্টর ড. মো. কামরুজ্জামান হয়েছেন টেলিযোগাযোগ সচিব। ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব বিলকিস জাহান রিমিকে পরিকল্পনা কমিশনের সদস্য করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলমকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে সংযুক্ত করা হয়েছে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাহফুজুল আলম খানকে করা হয়েছে এ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব।
এ ছাড়া বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আয়েশা আখতারকে করা হয়েছে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সচিব। মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব আশরাফুল ইসলামকে করা হয়েছে জাতীয় উন্নয়ন প্রশাসন একাডেমির রেক্টর। ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) আবুল হাছানাত হুমায়ুন কবিরকে করা হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব।
