শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে হবিগঞ্জ জেলার বিভিন্ন পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শন করেছেন সিলেট রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (ইন্টেলিজেন্স অ্যান্ড ক্রাইম ম্যানেজমেন্ট) নাছির উদ্দিন আহমেদ।
সোমবার (১৯ অক্টোবর) দিনব্যাপী তিনি হবিগঞ্জ সদর ও চুনারুঘাট থানার বিভিন্ন গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ সরেজমিন পরিদর্শন করেন। এ সময় পূজামণ্ডপের নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণের পাশাপাশি পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শারদীয় শুভেচ্ছা বিনিময় করেন। এরআগে সকালে হবিগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে পৌঁছালে অতিরিক্ত ডিআইজি নাছির উদ্দিন আহমেদকে ফুলেল শুভেচ্ছা জানান জেলার পুলিশ সুপার মো. তারেক মাহমুদ। পরে পুলিশ সুপারকে সঙ্গে নিয়ে তিনি জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ পূজামণ্ডপ পরিদর্শন করেন।
সন্ধ্যায় অতিরিক্ত ডিআইজি চুনারুঘাটের বাসুদেব মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন। এ সময় তিনি মন্দিরের সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণ করেন এবং পূজা উদযাপন কমিটির নেতাকর্মীদের সঙ্গে কথা বলেন। পরিদর্শনকালে মাধবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাফিউ রহমান, চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম ইত্তেফাকের নির্বাহী সম্পাদক সাংবাদিক সালেহ উদ্দিন সহ পুলিশ কর্মকর্তা ও পূজা উদযাপন কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অতিরিক্ত ডিআইজি বলেন, শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। পূজামণ্ডপের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই যেন নির্বিঘ্নে উৎসব উদযাপন করতে পারেন, সে জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তৎপর রয়েছে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার পাশাপাশি সন্দেহজনক কোনো ঘটনা চোখে পড়লে দ্রুত পুলিশকে জানানোর আহ্বান জানান তিনি। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. রাশেদুল হক চৌধুরী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) এস এম মনসুর মুসাসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
