কালবেলা · বিনোদন
মুক্তির আগেই আয়ে রেকর্ড গড়ল রণবীর-পল্লবীর ‘রামায়ণ’
২৪/১০/২০২৬

মুক্তির এখনো প্রায় দুই সপ্তাহ বাকি, তবে এর আগেই অগ্রিম টিকিট বুকিংয়ে ভালো শুরুর ইঙ্গিত দিচ্ছে নীতেশ তিওয়ারি পরিচালিত মহাকাব্যিক সিনেমা ‘রামায়ণ: পার্ট ওয়ান’। রণবীর কাপুর ও সাই পল্লবী অভিনীত এই ছবির প্রথম দিনের অগ্রিম বুকিং ইতোমধ্যে শুরু হয়েছে।
শুক্রবারের (২৩ অক্টোবর) হিসাব অনুযায়ী, আগামী ৫ নভেম্বরের জন্য ছবির ৮ কোটি ১৬ লাখ টাকার টিকিট বিক্রি হয়েছে। এর মধ্যে কিছু টিকিট নির্মাতাদের পক্ষ থেকে বা বিশেষ কারণে সংরক্ষিত রাখা হয়েছে। ব্লকড আসন বাদ দিলে সাধারণ দর্শকের কাছে বিক্রি হওয়া টিকিটের মূল্য দাঁড়ায় ৬ কোটি ১৫ লাখ টাকা। তবে সব মিলিয়ে মুক্তির আগেই ছবির অগ্রিম আয় ১০ কোটির ঘরে পৌঁছেছে বলে খবর।
দেশজুড়ে প্রথম দিনে এই সিনেমাটি ৩ হাজার ৯৪৪টি শো পেয়েছে। বুকিংয়ের হার দেখে বোঝা যাচ্ছে, প্রায় ৯৫ শতাংশ আসন ইতোমধ্যে পূর্ণ হয়ে গেছে। অগ্রিম টিকিট বিক্রির দিক থেকে সবার চেয়ে এগিয়ে রয়েছে দিল্লি।
টিকিটের উচ্চ চাহিদার কারণে এর দামও কিছুটা বেড়েছে। মুম্বাইয়ে ৫, ৬ ও ৭ নভেম্বরের দুপুরের এবং সন্ধ্যার শোয়ের রিক্লাইনার সিটের টিকিটের দাম ৩ হাজার ১৭০ টাকা পর্যন্ত উঠেছে। যদিও সাধারণ আসনের টিকিটের দাম নাগালের মধ্যেই রাখা হয়েছে। ৩ ঘণ্টা ১৫ মিনিট দৈর্ঘ্যের এই সিনেমাটি বক্সঅফিসে বড় ধরনের সাড়া ফেলতে পারে বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা।
মহাকাব্যিক সিনেমা ‘রামায়ণ: পার্ট ওয়ান’-এ রাম চরিত্রে রণবীর কাপুর, সীতার চরিত্রে সাই পল্লবী, রাবণের চরিত্রে যশ এবং হনুমানের চরিত্রে সানি দেওলসহ আরও অভিনয় করেছেন রবি দুবে, অনুপম খের, কাজল আগরওয়াল, রাকুল প্রীত সিং, বিবেক ওবেরয়, লারা দত্ত, অরুণ গোভিল প্রমুখ।
সূত্র: ইটিভি ভারত
মূল প্রতিবেদনে যান ↗