চাঁদপুরের মতলব উত্তরে বেপরোয়া গতির অবৈধ বালুবাহী ট্রলির ধাক্কায় আক্তার হোসেন খোকন (৪৫) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে উপজেলার সাহেব বাজার-ঠেটালিয়া বেড়িবাঁধ সড়কের সম্ভুখার মোড় এলাকায় এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
নিহত আক্তার হোসেন খোকন মতলব উত্তর উপজেলার কলাকান্দা ইউনিয়নের মধ্য হানিরপাড় গ্রামের প্রধানিয়া বাড়ির এলাহী প্রধানের ছেলে। তিনি কনজুমার ডিলারশিপ ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন এবং ব্যক্তিগত জীবনে এক কন্যাসন্তানের জনক ছিলেন।
স্থানীয় বাসিন্দা গোলাম নবী খোকন জানান, দুপুরে মোটরসাইকেলে করে খোকন মতলব সেতুর দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে সাহেব বাজারের দিক থেকে দ্রুতগতিতে আসা একটি বালুবাহী ট্রলি তাঁর মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তার পাশে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর ঘাতক ট্রলিটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরবর্তীতে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. আরিফ জানান, হাসপাতালে নিয়ে আসার আগেই ওই ব্যবসায়ীর মৃত্যু হয়েছে।
স্থানীয়দের অভিযোগ, বেড়িবাঁধ সড়কে অবৈধ বালুবাহী ট্রলির বেপরোয়া ও নিয়ন্ত্রণহীন চলাচলের কারণে প্রায়ই দুর্ঘটনা ঘটছে। এসব অবৈধ যানবাহনের বিরুদ্ধে দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তাঁরা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানস বড়ুয়া জানান, সড়ক দুর্ঘটনায় নিহতের সংবাদ পাওয়ার পর তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে এবং ঘাতক ট্রলিটি শনাক্ত করে চালককে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।
জেএইচআর
