খুলনা গেজেট অক্টোবর ১৩, ২০২৬ ১১:০৯ অপরাহ্ণ
খুলনায় একাধিক হত্যা মামলার আসামি অনুপম মহলদার (৪৫) নামের এক যুবককে গ্রেপ্তার পুলিশ। সোমবার (১২ অক্টোবর) দিনগত রাত সাড়ে ৩টার দিকে বাটিয়াঘাটা উপজেলার হাটবাটি এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। সে ওই এলাকার নিভান মহলদারের ছেলে।
জেলা পুলিশের প্রেরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানা গেছে, গ্রেপ্তার অনুপম মহলদার একাধিক মামলার আসামি। সে দীর্ঘদিন পলাতক ছিল। বটিয়াঘাটা থানায় তার নামে হত্যা মামলা রয়েছে। এছাড়া তার বিরুদ্ধে আরও কয়েকটি হত্যা মামলা রয়েছে। যার মধ্যে উল্লেখযোগ্য হল ২০১৯ সালের ৭ মার্চ মহানগরীর বিভিন্ন স্থান থেকে হাবিবুর রহমান সবুজ নামের এক যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার করা হয়। হত্যা মামলার তদন্ত শেষে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পাঁচজনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র দাখিল করে। এর মধ্যে অনুপম মহলদারের নাম রয়েছে। তার বিরুদ্ধে খালিশপুর থানায় ২০১৩ সালে দায়ের করা একটি হত্যা মামলা রয়েছে। এছাড়া ২০১৪ সালে ফুলতলা থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। ওই মামলার এজাহারভুক্ত আসামি সে। একটি চুরি মামলায় তার তিন বছরের কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানা হয়।
বটিয়াঘাটা থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসান বলেন, একাধিক মামলার আসামি সে। তাকে গ্রেপ্তারে বিভিন্নস্থানে অভিযান চালানো হয়। দুপুরের পর তাকে আদালতে প্রেরণ করা হয়।
খুলনা গেজেট/এএজে
