পাইকগাছা প্রতিনিধি : খুলনার তেরখাদা উপজেলায় মো. রামীম বিশ্বাস (৩২) নামের এক যুবদল নেতাকে লক্ষ্য করে গুলি চালিয়েছে অজ্ঞাতনামা দুর্বৃত্তরা। এতে তিনি গুরুতর আহত হয়েছেন। আজ ২৪ অক্টোবর, ২০২৬ খ্রিষ্টাব্দ (শনিবার) বেলা আনুমানিক ১১টা ১০ মিনিটের দিকে উপজেলার মধুপুর ইউনিয়নের পারহাজীগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।
আহত মো. রামীম বিশ্বাস তেরখাদা থানাধীন ৬নং মধুপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবদলের সভাপতি। তিনি পারহাজীগ্রামের হাবিবুর রহমানের পুত্র।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়,
আজ বেলা ১১টা ১০ মিনিটের দিকে রামীম বিশ্বাস সেনেরবাজার-মধুপুর সড়কের পারহাজীগ্রামস্থ ‘খান ব্রীকস’-এর নিকটবর্তী আয়নাল মোল্লার বাড়ির সামনে একটি ভ্যানে অবস্থান করছিলেন। এ সময় মোটরসাইকেলে করে আসা অজ্ঞাতনামা দুর্বৃত্তরা পেছন থেকে তাঁকে লক্ষ্য করে আকস্মিক গুলি বর্ষণ করে। দুর্বৃত্তদের ছোড়া একটি গুলি তাঁর পাঁজরে বিদ্ধ হলে তিনি মাটিতে লুটিয়ে পড়ে গুরুতর আহত হন।
ঘটনার পরপরই স্থানীয় লোকজন দ্রুত এগিয়ে এসে তাঁকে উদ্ধার করেন এবং উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।
ঘটনার সংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গেই তেরখাদা থানা পুলিশের একটি বিশেষ দল দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করে। পুলিশ ঘটনাস্থল থেকে বিভিন্ন আলামত সংগ্রহ করেছে এবং বর্তমানে সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছে।
এ বিষয়ে খুলনা জেলা পুলিশ জানিয়েছে, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে। এর প্রকৃত রহস্য উদঘাটন, ঘটনার সঙ্গে জড়িত অপরাধীদের দ্রুত শনাক্তকরণ এবং গ্রেপ্তারে পুলিশের জোরালো অভিযান অব্যাহত রয়েছে। ওই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশের বিশেষ নজরদারি বজায় রাখা হয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

