মানিকগঞ্জের শিবালয় উপজেলার ঢাকা-আরিচা মহাসড়কের বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় বাসের সঙ্গে ব্যাটারিচালিত অটোরিকশার সংঘর্ষে দুই যাত্রী নিহত হয়েছেন।
দূর্ঘটনা পর উত্তেজিত হয়ে স্থানীয়রা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেন। এতে উভয়পাশে আটকে পড়ে শত শত যানবাহন।
আজ সকাল পৌনে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মানিকগঞ্জের ঘিওর উপজেলার মৌহালী গ্রামের মো. সাহানের ছেলে ইয়াসিন (২২) ও একই গ্রামের মোজাহারের ছেলে বাবলু (২৮)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সেলফি পরিবহনের একটি বাস পাটুরিয়া থেকে ঢাকার দিকে যাচ্ছিল। এসময় ঘিওর উপজেলার মৌহালী থেকে যাত্রী নিয়ে বরংগাইল হাটের দিকে যাচ্ছিল ব্যাটারিচালিত অটোরিকশাটি। বরংগাইল বাসস্ট্যান্ড এলাকায় ধাক্কা দিলে ঘটনাস্থলেই অটোরিকশার এক যাত্রী নিহত হন। অপর যাত্রীকে স্থানীয় হাসপাতালে নেয়ার পর তার মৃত্যু হয়। আর গুরুতর আহত হন অটোরিকশা চালক। পরে তাকে উদ্ধার করে ঢাকায় পাঠানো হয়।
এ ঘটনায় উত্তেজিত হয়ে এলাকাবাসী মহাসড়কে সেলফি পরিবহন বন্ধের দাবিতে পরিবহন চলাচল বন্ধ করে দেয়। তাদের অভিযোগ, এর আগেও বহুবার বেপরোয়া গতির সেলফি পরিবহন দূর্ঘটনায় বহু মানুষের প্রাণহানি হয়েছে।
বরংগাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হারুন অর রশিদ জানান, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। তবে বাসের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
