বগুড়ার ধুনট উপজেলায় চার বছরের সাজা এড়াতে বিশ বছর পলাতক থেকে অবশেষে পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন মাসুদ মিয়া (৫৫)। মাসুদ মিয়া উপজেলার বেড়েরবাড়ি-বুড়িভিটা গ্রামের ভুলু মিয়ার ছেলে।
বিজ্ঞাপন
শনিবার রাতে পুলিশ বিশেষ অভিযান চালিয়ে গাজীপুরের কালিয়াকৈর এলাকার একটি ভাড়া বাসা থেকে তাকে গ্রেপ্তার করে। তিনি প্রায় ২০ বছর ধরে ঢাকা ও গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।
রোববার দুপুর ১২টায় তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাসুদ মিয়া এলাকার চিহ্নিত মাদক কারবারি ছিলেন। ২০০৪ সালে মাদকদ্রব্য বিক্রির সময় তৎকালীন শাহজাহানপুর থানা পুলিশের হাতে গ্রেপ্তার হন মাসুদ মিয়া। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ওই থানায় মামলা দায়ের করা হয়। পরবর্তীতে বগুড়ার বিশেষ ট্রাইব্যুনাল আদালত ২০০৬ সালে উক্ত মামলায় মাসুদ মিয়াকে চার বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন।
মাসুদ মিয়া উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত হয়ে আত্মগোপনে চলে যান। পলাতক থাকা অবস্থায় আদালত থেকে সাজাপ্রাপ্ত আসামি মাসুদ মিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়। এরপর থেকে তিনি ২০ বছর ধরে ছদ্মবেশে দেশের বিভিন্ন এলাকায় পলাতক ছিলেন।
ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম জানান, মাসুদ মিয়াকে গাজীপুরের কালিয়াকৈর থেকে গ্রেপ্তার করা হয়। আইনি প্রক্রিয়া শেষে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
এমই
