ঝিনাইদহের মহেশপুর সীমান্তে অভিযান চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে বিজিবি। এ সময় ৩০ বোতল মাদকজাতীয় সিরাপ উদ্ধার করা হয়। মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়নের অধীনস্থ সামন্তা বিওপির একটি টহল দল সীমান্ত সংলগ্ন পাকরাইল এলাকায় অভিযান চালিয়ে এসব অস্ত্র ও মাদক উদ্ধার করে। তবে এ ঘটনায় জড়িতদের আটক করতে পারেনি বিজিবি।
রোবিবার (১৮ অক্টোবর) বিকেলে মহেশপুর-৫৮ বিজিবির সহকারী পরিচালক মুন্সি ইমদাদুর রহমানের পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান।
মহেশপুর-৫৮ বিজিবি এক প্রেস বিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে সামন্তা বিওপির হাবিলদার এস এম মজনুর নেতৃত্বে একটি টহল দল সীমান্ত পিলার ৫৪/২-এস সংলগ্ন এলাকায় অভিযান চালায় বিজিবি।
এ সময় শূন্য লাইন থেকে বাংলাদেশের ১৫০ গজ ভেতরে পাকরাইল গ্রামের কবরস্থানের কাছে সন্দেহভাজন চোরাকারবারীকে ধাওয়া করে বিজিবি। ধাওয়া খেয়ে ব্যাগ ফেলে রেখে শূন্যরেখা পার হয়ে ভারতের অভ্যন্তরে পালিয়ে যায় ওই ব্যক্তি। পরে ব্যাগে তল্লাশি চালিয়ে অস্ত্র ও মাদক উদ্ধার করে বিজিবি।
মহেশপুর-৫৮ বিজিবি ব্যাটালিয়পনাসহকারী পরিচালক মুন্সী ইমদাদুর রহমান জানান, উদ্ধারকৃত অবৈধ অস্ত্র, গুলি ও মাদক আইনি ব্যবস্থা নেওয়ার জন্য মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
