কালবেলা · আন্তর্জাতিক
ফুসফুসে ক্যানসার আক্রান্ত পোপ লিও
১৪/১০/২০২৬

পোপ লিওর ফুসফুসে ক্যানসার শনাক্ত হয়েছে। মঙ্গলবার অস্ত্রোপচারের মাধ্যমে তার ডান ফুসফুসের একটি অংশ অপসারণের পর ক্যানসারের বিষয়টি নিশ্চিত করেছে ভ্যাটিকান। ৭১ বছর বয়সী পোপের স্বাস্থ্যের জন্য এটি একটি বড় ধাক্কা।
বুধবার রয়টার্সের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
ভ্যাটিকানের প্রকাশিত চিকিৎসা বুলেটিনে বলা হয়েছে, পোপ লিওর ফুসফুসে অ্যাডেনোকার্সিনোমা শনাক্ত হয়েছে। এটি ফুসফুসের ক্যানসারের একটি সাধারণ ধরন। অস্ত্রোপচারের সময় সংগ্রহ করা টিস্যু পরীক্ষায় ক্যানসারের উপস্থিতি নিশ্চিত হয়েছে। এর আগে প্রাথমিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চিকিৎসকেরা ক্যানসারের আশঙ্কা করেছিলেন।
সম্প্রতি নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার সময় তার ফুসফুসে অস্বাভাবিক একটি বৃদ্ধি শনাক্ত হয়। সেটি অপসারণের জন্য মঙ্গলবার তাকে রোমের জেমেলি হাসপাতালে ভর্তি করা হয়।
পোপের প্রধান শল্যচিকিৎসক ডা. স্তেফানো মার্গারিতোরা এবং ব্যক্তিগত চিকিৎসক ডা. লুইজি কার্বোনে এক বিবৃতিতে জানান, অস্ত্রোপচারটি প্রায় ৯০ মিনিট স্থায়ী হয় এবং কোনো জটিলতা ছাড়াই সফলভাবে সম্পন্ন হয়েছে।
চিকিৎসকেরা জানান, ক্যানসার নিরাময়ের উদ্দেশ্যে ভিডিও-সহায়তাপ্রাপ্ত পদ্ধতিতে তার ডান ফুসফুসের নিচের খণ্ডটি অপসারণ করা হয়েছে। এর লক্ষ্য ছিল ক্যানসারযুক্ত সব টিস্যু সরিয়ে ফেলা।
মানুষের ফুসফুসে মোট ৫টি খণ্ড রয়েছে। এর মধ্যে ডান ফুসফুসে তিনটি এবং বাম ফুসফুসে দুটি খণ্ড থাকে।
তবে পোপের ক্যানসার কোন পর্যায়ে রয়েছে, তা এখনো জানা যায়নি। এ বিষয়ে নিশ্চিত হতে টিউমারের আকার এবং ক্যানসার লসিকাগ্রন্থিতে ছড়িয়েছে কি না, তা জানা জরুরি। ভ্যাটিকান তাৎক্ষণিকভাবে এসব তথ্য প্রকাশ করেনি।
যুক্তরাষ্ট্রের জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের ফুসফুসের ক্যানসার বিশেষজ্ঞ এবং মেডস্টার জর্জটাউন ইউনিভার্সিটি হাসপাতালের হেমাটোলজি-অনকোলজি বিভাগের প্রধান ডা. স্টিফেন লিউ বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ক্যানসারের পর্যায় নির্ধারণ রোগীর ভবিষ্যৎ অবস্থা ও চিকিৎসাপদ্ধতি সম্পর্কে ধারণা পাওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, ক্যানসারটি ছোট হলে এবং লসিকাগ্রন্থিতে ছড়িয়ে না পড়লে অস্ত্রোপচারের মাধ্যমেই নিরাময় সম্ভব হতে পারে। তবে চূড়ান্ত পরীক্ষায় ক্যানসারের বিস্তার বেশি পাওয়া গেলে রোগের পূর্বাভাস তুলনামূলকভাবে খারাপ হতে পারে।
পোপ লিওর ক্যানসারের পর্যায়, পরবর্তী চিকিৎসা এবং সুস্থতার সম্ভাবনা সম্পর্কে বিস্তারিত জানতে আরও পরীক্ষার ফলাফলের অপেক্ষা করতে হবে।
সূত্র: রয়টার্স
মূল প্রতিবেদনে যান ↗