নাজিম উদ্দীন রানা, লোহাগাড়া (চট্টগ্রাম)
চট্টগ্রামের লোহাগাড়ায় অপহরণের শিকার স্বামী রাশেদুল ইসলাম শাকিবকে অক্ষত অবস্থায় ফিরে পেতে সংবাদ সম্মেলন করেছেন তাঁর স্ত্রী উম্মে আয়মন। স্বামীর সন্ধান ও দ্রুত উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার একটি রেস্টুরেন্টের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন উম্মে আয়মন।
সংবাদ সম্মেলনে তিনি অভিযোগ করেন, তাঁর স্বামী রাশেদুল ইসলাম শাকিব একজন ব্যবসায়ী। তিনি উপজেলার আধুনগর ইউনিয়নের বাসিন্দা সেলিম উদ্দীনের পুত্র। গত ১৪ অক্টোবর রাত আনুমানিক ১১টার দিকে ব্যক্তিগত কাজে বের হওয়ার পর থেকে তাঁর কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
লিখিত বক্তব্যে তিনি দাবি করেন, ঘটনার সময় কয়েকজন ব্যক্তি তাঁর স্বামীকে একটি গাড়িতে তুলে নিয়ে যায়। এরপর থেকে তাঁর ব্যবহৃত মুঠোফোন বন্ধ রয়েছে। পরিবারের সদস্যরা সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি।
উম্মে আয়মন আরও অভিযোগ করেন, অপহরণের ঘটনার আগে তাঁর স্বামীর সঙ্গে একটি বিষয় নিয়ে বিরোধ চলছিল। ওই বিরোধের জেরে তাঁকে অপহরণ করা হয়ে থাকতে পারে বলে পরিবারের সন্দেহ। তবে কারা এবং কী উদ্দেশ্যে তাঁকে তুলে নিয়ে গেছে, তা নিশ্চিত হতে পারেননি তাঁরা।
তিনি বলেন, ‘আমার স্বামী কোথায় আছেন, কেমন আছেন, আদৌ নিরাপদে আছেন কি না, কিছুই জানি না। প্রতিটি মুহূর্ত আমাদের পরিবারের জন্য আতঙ্কের হয়ে উঠেছে। আমি আমার স্বামীকে জীবিত ও অক্ষত অবস্থায় ফিরে পেতে চাই।’
সংবাদ সম্মেলনে স্বামীর নিখোঁজের ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার পাশাপাশি দ্রুত উদ্ধারের জন্য প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানান উম্মে আয়মন।
এ ঘটনায় উম্মে আয়মন বাদী হয়ে লোহাগাড়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
এ বিষয়ে জানতে চাইলে লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ বলেন, ‘পরিবারের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন ও তাঁর অবস্থান শনাক্তে পুলিশের তদন্তের কাজ চলমান রয়েছে ।
চট্টগ্রামনিউজ/ এসডি/
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল চট্টগ্রামনিউজ.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, মতামত, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি । আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
