রাজধানীর তিনশ’ ফিট এলাকায় পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত ডিআইজি আব্দুল্লাহ আল জহিরের ভাড়া দেওয়া একটি বাড়িতে নিয়মিত ডিজে পার্টির আয়োজনের অভিযোগ উঠেছে। গত এক বছর ধরে বাড়িটিতে মাসে ২০ থেকে ২৫ দিন পর্যন্ত এসব আয়োজন চলত বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগ। সেখানে অভিযান চালিয়ে ২৬ তরুণীসহ মোট ৮৫ জনকে আটক করে পুলিশ।
বুধবার (২১ অক্টোবর) দুপুরে নিজ কার্যালয়ে সংবাদমাধ্যমকে এসব তথ্য জানান ডিএমপির গোয়েন্দা উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) ইলিয়াস কবির।
তিনি জানান, ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছ থেকে পাওয়া গোপন তথ্যের ভিত্তিতে বাড়িটিতে অভিযান চালানো হয়। সেখানে গিয়ে উচ্চ শব্দে গান বাজানো এবং সীসা সেবনের কারণে পরিবেশ ধোঁয়াচ্ছন্ন দেখতে পান গোয়েন্দা সদস্যরা। এ সময় বাড়ির ভেতরে প্রায় ২২টি গাড়িও দেখতে পান তাঁরা।
ডিসি ইলিয়াস কবির বলেন, এয়ারবিএনবি ও ট্রাভেলা নামের অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে এসব পার্টির আয়োজন করা হতো। অনলাইনে নিবন্ধনের মাধ্যমে অংশগ্রহণকারীরা পার্টিতে যোগ দিতেন। প্রতিটি আয়োজনে অংশ নিতে জনপ্রতি প্রায় ৬০০ টাকা দিতে হতো। এ ছাড়া বাড়ি ভাড়া বাবদও অর্থ লেনদেনের তথ্য পাওয়া গেছে।
পুলিশের অভিযানের সময় পার্টি বন্ধ হয়ে যায়। উপস্থিত ব্যক্তিরা ভবনটির বিভিন্ন কক্ষে চলে যান। পরে পাঁচ কক্ষবিশিষ্ট বাড়িটিতে অভিযান চালিয়ে ২৬ তরুণীসহ মোট ৮৫ জনকে আটক করা হয়।
গোয়েন্দা পুলিশের এই কর্মকর্তা জানান, আটক তরুণীদের অধিকাংশের বয়স ২০ থেকে ২২ বছরের মধ্যে। তাঁদের সবাই শিক্ষার্থী বলে দাবি পুলিশের। তাঁদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীও রয়েছেন। আটক পুরুষদের মধ্যে শিক্ষার্থী, করপোরেট চাকরিজীবী ও ব্যবসায়ী রয়েছেন।
অভিযানে বাড়িটি থেকে মদের তিনটি বোতল, ইয়াবা এবং ‘কুশ’ নামের একটি মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ। এ ছাড়া যৌন স্বাস্থ্যসংশ্লিষ্ট সামগ্রীও উদ্ধার করা হয়।
আটক ব্যক্তিদের বিরুদ্ধে নেওয়া ব্যবস্থার বিষয়ে ডিসি ইলিয়াস কবির জানান, পুরুষদের এক মাসের কারাদণ্ড ও এক হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা দিতে ব্যর্থ হলে তাঁদের আরও ১৫ দিন কারাভোগ করতে হবে। অন্যদিকে, নারীদের ১৫ দিনের কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে তাঁদের আরও তিন দিন কারাভোগ করতে হবে।
বাড়িটিতে দীর্ঘদিন ধরে কীভাবে এসব আয়োজন চলছিল এবং এর সঙ্গে কারা জড়িত, তা নিয়ে পুলিশের তদন্ত ও বক্তব্যের ভিত্তিতে বিস্তারিত তথ্য সামনে এসেছে।
The post অনলাইনে রেজিস্ট্রেশন করে অতিরিক্ত ডিআইজির সেই বাড়িতে যা হতো appeared first on ভোরের চেতনা.
