ভৈরবে পুলিশের নাম ভাঙিয়ে অর্থ আদায়, মাদক কারবারিদের মদদ ও সাধারণ মানুষকে হয়রানির অভিযোগ উঠেছে বুলবুল মিয়া (৪০) নামে এক যুবকের বিরুদ্ধে। অভিযুক্ত বুলবুল শ্রীনগর গ্রামের মৃত গোলাপ মিয়ার ছেলে। অভিযোগ উঠেছে দীর্ঘদিন ধরে বুলবুলের এমন অপকর্মে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকাবাসী। তার বিরুদ্ধে অভিযোগগুলো তদন্ত করে আইনগত ব্যবস্থা নিতে ইউপি সদস্য মানিক মিয়া থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। স্থানীয়রা জানায়, অভিযুক্ত বুলবুল এলাকায় নিজের প্রভাব বিস্তার করতে নানা কৌশল ব্যবহার করেন। তার ভাই সেনাবাহিনীতে কর্মরত ও নিকটাত্মীয় পুলিশের এসপি পদে রয়েছেন এমন ভুয়া পরিচয় দিয়ে তিনি সাধারণ মানুষদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে আসছে। শ্রীনগর ইউনিয়ন যুবদল আহ্বায়ক জাকির হোসেন বলেন, বুলবুল দীর্ঘদিন ধরে পুলিশের নাম ভাঙিয়ে মাদক কারবারিদের কাছ থেকে প্রতি মাসে মোটা অঙ্কের টাকা তুলছেন। অতীতেও তিনি বিভিন্ন প্রভাবশালী ব্যক্তির পরিচয় দিয়ে এলাকায় চাঁদাবাজি করেন। ইউনিয়ন যুবদল সদস্যসচিব শিপন মিয়া বলেন, বুলবুলকে ছাড়া পুলিশ দলীয় কোনো নেতাদের চেনে না। এ সুযোগে বুলবুল পুলিশের ছত্রছায়ায় থেকে এলাকার মানুষকে হয়রানি করছে। অভিযুক্ত বুলবুল বলেন, পুলিশ আমার গ্রামে ঢুকলে আমাকে ফোন দেয় এটি সত্য। তবে পুলিশের নামে চাঁদাবাজির অভিযোগ ভিত্তিহীন। শ্রীনগর ইউপি সদস্য মানিক মিয়া বলেন, বুলবুলের অপকর্মে পুরো গ্রামবাসী অতিষ্ঠ। সে থানায় আঁতাত করে আসামি ছাড়িয়ে নেওয়া ও ধরিয়ে দেওয়ার দায়িত্ব পালন করে। স্থানীয় বাসিন্দা হাজী দৌলত মিয়া বলেন, বুলবুল টাকার বিনিময়ে পুলিশকে ব্যবহার করে কাজ করে দেন। আমার চুরি হওয়া মোবাইল ৫ হাজার টাকার বিনিময়ে উদ্ধার করে দিয়েছেন। ওসি মাহবুবুর রহমান বলেন, এ ঘটনায় পুলিশ সদস্যের জড়িত থাকার প্রমাণ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এ ছাড়া বুলবুলের বিরুদ্ধে অভিযোগগুলো তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।