বগুড়া-নওগাঁ মহাসড়কের পাশে অদমদীঘি উপজেলার সদরে মাদক বেচাকেনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে বাড়িঘর ভাংচুর করে অগ্নিসংযোগ করেছে ক্ষুব্ধ এলাকাবাসী। বৃহস্পতিবার সকালে উপজেলার পশ্চিম ব্রিজের সামনে ডহরপুর হিজড়া পট্টিতে বসবাস করা শান্ত, রেহেনা বেগম, নরেশ, শিহাব হোসেনসহ কয়েকজনের বাড়ি ভাংচুর করে অগ্নিসংযোগ করা হয়। এ ঘটনার পর থেকে তারা আত্মগোপনে রয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, উপজেলার সদরে বগুড়া-নওগাঁ মহাসড়কের পাশে ডহরপুর হিজড়া পট্টিতে বসবাস করা কয়েকজন বিভিন্ন মাদকদ্রব্য দীর্ঘদিন যাবৎ বিক্রি করে আসছিলেন। দিনের পর দিন প্রকাশ্যে মাদক বিক্রি করায় অতিষ্ঠ হয়ে পড়েন স্থানীয়রা। মাদকের ভয়াবহ ছোবলে ধ্বংসের মুখে পড়ছে যুবসমাজ। এ বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তেমন কোনো পদক্ষেপ না নেওয়ায় কোনোভাবেই থামানো যাচ্ছিল না মাদক বিক্রি। এতে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে বৃহস্পতিবার বেলা ১১টায় কয়েকশ মানুষ জড়ো হন। এরপর মাদক কারবারে জড়িত থাকার অভিযোগে শান্ত, রেহেনা বেগম, নরেশ, শিহাব হোসেনসহ কয়েকজনের বাড়িঘর ভাংচুর করে অগ্নিসংযোগ করা হয়। আদমদীঘি থানার ওসি জামিরুল ইসলাম জানায়, বিষয়টি আমি শুনেছি।
