সংবাদ বিজ্ঞপ্তি · ১৭ অক্টোবর, ২০২৬ ১০:৩১ অপরাহ্ন
সিলেটের ঐতিহাসিক রেজিস্ট্রি মাঠে দ্বীনি ও সামাজিক সংগঠন ‘মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেট’-এর উদ্যোগে ১৫তম বার্ষিক তাফসিরুল কুরআন মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৭ অক্টোবর) দুপুর ২টা থেকে মধ্যরাত পর্যন্ত এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সম্মেলনে তাফসির পেশ করেন আঞ্জুমানে হেফাজতে ইসলামের আমীর ও সমিতির উপদেষ্টা মুফতী রশীদুর রহমান ফারুক (পীর সাহেব বরুনা), ঢাকার মুফতী মুস্তাকুন্নবী কাসেমী, মুফতী মেরাজুল হক, মুফতী হাবিবুল্লাহ মাহমুদ কাসেমী, মুফতী রেজাউল করিম আবরার, মৌচাক জামে মসজিদ সিলেটের খতিব মুফতী খন্দকার হারুনুর রশিদ, জালালাবাদ আবাসিক এলাকার জামে মসজিদ সিলেটের ইমাম ও খতিব মাওলানা শুয়াইব আহমদ, সমিতির উপদেষ্টা মাওলানা রফিকুল ইসলাম জাকারিয়া এবং মুঈনুল ইসলাম লামাশ্যামপুর হরিপুরের মুহতামিম মাওলানা মীম সুফিয়ান।
মাহফিলে বিভিন্ন অধিবেশনে সভাপতিত্ব করেন জামেয়া নুরিয়া ইসলামিয়া ভার্থখলা সিলেটের প্রিন্সিপাল ও মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের উপদেষ্টা হাফিজ মাওলানা মজদুদ্দীন আহমদ, জামেয়া কাসিমুল উলুম দরগাহ মাদ্রাসা সিলেটের মুহতামিম মাওলানা মাশুক উদ্দিন বড়বাড়ী, জামেয়া মাদানিয়া কাজিরবাজার মাদ্রাসা সিলেটের শিক্ষা সচিব ও সমিতির উপদেষ্টা মুফতী শফিকুর রহমান, জামেয়া ইসলামিয়া হোসাইনিয়া নয়াসড়ক সিলেটের মুহতামিম মাওলানা শায়খ সাইফুুল্লাহ এবং মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের সভাপতি মাওলানা সাইদুর রহমান।
মাহফিলে বক্তারা বলেন, মানবজীবনের প্রকৃত সফলতা, আত্মিক শান্তি এবং পরকালীন মুক্তির মূল ভিত্তি হলো ইমান ও সৎ আমল। ইসলামী জীবনদর্শনে ইমান ও আমল একটি মুদ্রার দুই পিঠের মতো, একটি ছাড়া অন্যটি অসম্পূর্ণ। বক্তারা আরও বলেন, সমাজে শান্তি, ন্যায়বিচার ও পারস্পরিক ভালোবাসা প্রতিষ্ঠা করতে ব্যক্তিগত ও পারিবারিক জীবনে ইমান ও আমলের চর্চা বাড়াতে হবে। একই সঙ্গে জাতীয় ও স্থানীয় পর্যায়ে সুধী সমাজ, বিত্তবান ব্যক্তি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে সমিতির মানবিক উদ্যোগে সমর্থনের আহ্বান জানান তারা।
এক বিজ্ঞপ্তিতে মুয়াজ্জিন কল্যাণ সমিতি সিলেটের সভাপতি মাওলানা সাইদুর রহমান, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ বিন হারিছ, যুগ্ম সাধারণ সম্পাদক জাহেদ আহমদ ও সাংগঠনিক সম্পাদক কামাল আহমদ সম্মেলন সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।
গুগলে আমাদের খবর পেতে
