বাংলাদেশে সব ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবেন বলে মন্তব্য করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাতে শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।
বিবৃতিতে শফিকুর রহমান বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী জাতীয় সংসদের প্রধান বিরোধী দল ও জনবান্ধব সংগঠন হিসেবে দায়িত্বশীল ভূমিকা পালন করবে। দেশের বিভিন্ন ধর্মের মানুষ নিজ নিজ ধর্ম স্বাধীনভাবে পালন করবেন। সচেতন নাগরিক হিসেবে জামায়াতের নেতাকর্মীরা হিন্দু সম্প্রদায়সহ সব ধর্মের মানুষের প্রতি সামাজিক দায়বদ্ধতা বজায় রাখবেন এবং সহযোগিতার হাত প্রসারিত করবেন।
তিনি বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ বাংলাদেশ। দীর্ঘদিন ধরে এ দেশের সব সম্প্রদায়ের মানুষ নিজ নিজ রীতিতে নির্বিঘ্নে ধর্মীয় আচার-অনুষ্ঠান ও উৎসব পালন করে আসছেন। হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজায় সবাই পূর্ণ নিরাপত্তার সঙ্গে উৎসব পালন করতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।
জামায়াতের আমির বলেন, দেশের ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে হিন্দু সম্প্রদায়ের মানুষ যেন এবারও নিরাপত্তা ও স্বস্তির সঙ্গে পূজা উদযাপন করতে পারেন, তা নিশ্চিত করতে সরকার ও সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর প্রতি কার্যকর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছেন তিনি।
বিবৃতিতে তিনি পুনর্ব্যক্ত করেন, সব ধর্মের মানুষের প্রতি সামাজিক দায়বদ্ধতা বজায় রেখে সহযোগিতার হাত প্রসারিত করা জামায়াতের নেতাকর্মীদের দায়িত্ব।
