পুঁজিবাজারের দরপতন নিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান মাসুদ খানের নামে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত একটি ফটোকার্ডকে অসত্য ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে কমিশন। চেয়ারম্যান এ ধরনের কোনো বক্তব্য দেননি বলে স্পষ্ট করেছে নিয়ন্ত্রক সংস্থাটি।
সোমবার (১৯ অক্টোবর) বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মো. আবুল কালামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিএসইসি চেয়ারম্যানের নামে পুঁজিবাজারের দরপতন সংক্রান্ত বক্তব্য সংবলিত একটি ফটোকার্ডসহ বিভিন্ন অসত্য ও বিভ্রান্তিকর তথ্য সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত হওয়ার বিষয়টি কমিশনের নজরে এসেছে। তবে ওই ফটোকার্ডে চেয়ারম্যানের নামে প্রচারিত বক্তব্য সঠিক নয় এবং তিনি এ ধরনের কোনো বক্তব্য দেননি।
এ পরিপ্রেক্ষিতে জনসাধারণ ও বিনিয়োগকারীদের সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত কোনো বক্তব্য, ফটোকার্ড বা তথ্যের সত্যতা যাচাই না করে বিশ্বাস বা শেয়ার করা থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে বিএসইসি।
বিজ্ঞাপন
সংস্থাটি বলেছে, পুঁজিবাজারের স্বাভাবিক কার্যক্রম, বিনিয়োগকারীদের স্বার্থ এবং বাজারের প্রতি জনসাধারণের আস্থা বজায় রাখতে গুজব, অসত্য, বিভ্রান্তিকর ও ভিত্তিহীন তথ্য প্রচার থেকে বিরত থাকা সবার দায়িত্ব। এ ধরনের তথ্য পুঁজিবাজার সম্পর্কে ভুল ধারণা তৈরি করতে পারে এবং বিনিয়োগকারীদের বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বিএসইসি চেয়ারম্যানসহ কমিশনের কর্মকর্তা বা সংশ্লিষ্ট ব্যক্তিদের নামে কোনো বক্তব্য, ফটোকার্ড কিংবা তথ্য প্রচারের আগে এর সত্যতা ও নির্ভরযোগ্যতা যাচাই করা প্রয়োজন। একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যমে অসত্য ও বিভ্রান্তিকর তথ্য প্রচার এবং সেগুলো শেয়ার করা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবার প্রতি অনুরোধ জানানো হয়েছে।
বিএসইসি জানিয়েছে, পুঁজিবাজারের উন্নয়ন, স্বচ্ছতা ও স্থিতিশীলতা বজায় রাখা এবং বিনিয়োগকারীদের স্বার্থ সংরক্ষণে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। এসব লক্ষ্য অর্জনে বিনিয়োগকারীসহ সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল আচরণ ও সহযোগিতা প্রয়োজন।
এমএএস/ইএ
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
