কালবেলা · দেশ
প্রতিবন্ধীবান্ধব ফুটপাত ও গণপরিবহন নিশ্চিতের দাবি: ডিসইএফ
১৫/১০/২০২৬

রাজধানীর ফুটপাত, সড়ক পারাপার ও গণপরিবহনে প্রতিবন্ধী ব্যক্তিদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করতে সাত দফা সুপারিশ তুলে ধরেছে ডিজএ্যাবল্ড চাইল্ড ফাউন্ডেশন (ডিসইএফ)।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিশ্ব সাদা ছড়ি নিরাপত্তা দিবস উপলক্ষে ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) সভাকক্ষে আয়োজিত এক অ্যাডভোকেসি সভায় এসব সুপারিশ তুলে ধরা হয়।
সুপারিশের মধ্যে রয়েছে- রাজধানীর প্রধান সড়কগুলোতে পর্যায়ক্রমে প্রতিবন্ধীবান্ধব ফুটপাত নির্মাণ, সংস্কার ও অবৈধ দখলমুক্ত করা; বাসস্ট্যান্ড, রেলস্টেশন, হাসপাতাল, সরকারি অফিস ও শিক্ষাপ্রতিষ্ঠানের আশপাশে দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের জন্য স্পর্শনির্ভর পথনির্দেশক (ট্যাকটাইল গাইডিং) ব্যবস্থা স্থাপন ও নিয়মিত রক্ষণাবেক্ষণ করা; এবং শ্রবণযোগ্য ট্রাফিক সংকেত, প্রবেশগম্য জেব্রা ক্রসিং ও ফুটওভারব্রিজে র্যাম্প সংযোজনের একটি সময়াবদ্ধ পরিকল্পনা গ্রহণ করা।
এছাড়া অন্যান্য সুপারিশের মধ্যে রয়েছে- নতুন ও বিদ্যমান বাসে হুইলচেয়ার বা ক্রাচ ব্যবহারকারীদের জন্য র্যাম্প বা লিফট সংযোজনের নিয়ম বাধ্যতামূলক করা ও সংরক্ষিত আসনের সঠিক ব্যবহার নিশ্চিত করা; চালক, কন্ডাক্টর ও পরিবহনকর্মীদের প্রতিবন্ধী-সংবেদনশীলতা এবং নারী নিরাপত্তা বিষয়ে বাধ্যতামূলক প্রশিক্ষণ দেওয়া; গণপরিবহনে প্রতিবন্ধী নারীদের সুরক্ষা নিশ্চিতে দ্রুত অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া চালু করা; এবং সড়ক ও পরিবহন সংক্রান্ত পরিকল্পনা প্রণয়নে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিধি সংগঠনগুলোকে (ডিপিও) সরাসরি সম্পৃক্ত করা।
ডিসইএফের নির্বাহী পরিচালক নাসরিন জাহানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিটিসিএর নির্বাহী পরিচালক মোহাম্মদ মশিউর রহমান। সভায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), রাজউক, বিআরটিএ, বিআরটিসি, ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন, সড়ক ও জনপথ অধিদপ্তর এবং পরিবহন মালিক-শ্রমিক সংগঠনের প্রতিনিধিরা অংশ নেন।
সভায় বক্তারা বলেন, সাদা ছড়ি দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের প্রধান সহায়ক উপকরণ হলেও নিরাপদ সড়ক ও প্রবেশগম্য গণপরিবহন ব্যবস্থা নিশ্চিত না হলে তাদের স্বাধীনভাবে চলাচল সম্ভব নয়। ভাঙাচোরা ফুটপাত, ফুটপাতে ল্যাম্পপোস্ট ও বিভিন্ন স্থাপনার অবৈধ দখল, পথনির্দেশকের অভাব, ঝুঁকিপূর্ণ সড়ক পারাপার এবং গণপরিবহনে চরম অসহযোগিতার কারণে প্রতিবন্ধী ব্যক্তিদের প্রতিনিয়ত ভোগান্তিতে পড়তে হচ্ছে।
মূল প্রতিবেদনে যান ↗