
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর সমন্বিত বিনিয়োগসেবা চালুর লক্ষ্যে অংশীদারত্বে এসেছে লঙ্কাবাংলা সিকিউরিটিজ ও মার্কোপোলো এআই। এ লক্ষ্যে ‘এন্ড টু এন্ড ইনভেস্টমেন্ট জার্নি, পাওয়ার্ড বাই এআই’ শীর্ষক উদ্যোগের আওতায় প্রতিষ্ঠান দুটির মধ্যে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৮ অক্টোবর) রাজধানীর ঢাকা শেরাটন হোটেলের অ্যারিয়েল হলে এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কমিশনার মো. নাফিজ আল তারিক বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও প্রযুক্তিনির্ভর সেবার বিস্তারের সঙ্গে মানুষের আর্থিক সেবা গ্রহণের প্রত্যাশাও বদলে যাচ্ছে। বিশেষ করে জেনারেশন জেড ও জেনারেশন আলফার তরুণেরা ব্যাংকের শাখা বা ব্রোকারেজ হাউসে গিয়ে সেবা নেওয়ার পরিবর্তে তাৎক্ষণিক ও মোবাইলভিত্তিক সেবা পছন্দ করেন। তাঁরা এমন আর্থিক সেবা চান, যা হাতের মুঠোয় পাওয়া যায় এবং যার জন্য ফোন করে যোগাযোগ করারও প্রয়োজন না হয়।
নিজের অভিজ্ঞতা তুলে ধরে নাফিস আল তারেক বলেন, স্কুলে পড়ার সময় মায়ের সঞ্চয়ের টাকা ব্যাংকে জমা দিতে গিয়ে ব্যাংকিং প্রক্রিয়া বুঝতে না পেরে তাঁকে নানা ধরনের জটিলতার মুখে পড়তে হয়েছিল। সেই অভিজ্ঞতার কারণে ব্যাংকের শাখায় যাওয়ার প্রতি একধরনের অনীহা তৈরি হয় তাঁর। তবে বর্তমানে মোবাইলের মাধ্যমেই ব্যাংকিংসহ বিভিন্ন আর্থিক লেনদেন করা সম্ভব হচ্ছে।
তিনি আরও বলেন, প্রযুক্তির উন্নয়ন মানুষের কাজের উৎপাদনশীলতা বাড়ালেও একই সঙ্গে চাহিদা ও প্রত্যাশাও বেড়েছে। ফলে মানুষের অবসর সময় বাড়ার পরিবর্তে ব্যস্ততা বেড়েছে। এ পরিস্থিতিতে গ্রাহকের চাহিদা অনুযায়ী সহজ, দ্রুত ও প্রযুক্তিনির্ভর আর্থিক সেবা নিশ্চিত করা জরুরি।
নাফিস আল তারেকের মতে, বর্তমান প্রজন্মের মধ্যে প্রযুক্তি ব্যবহারের প্রবণতা একরকম নয়। সহস্রাব্দ প্রজন্মের অনেকে ইন্টারনেট ও মোবাইল ফোনের আগের সময় যেমন দেখেছেন, তেমনি প্রযুক্তির দ্রুত অগ্রগতিও প্রত্যক্ষ করেছেন। ফলে তাঁদের মধ্যে প্রযুক্তিনির্ভর সেবায় অভ্যস্ত মানুষের পাশাপাশি প্রচলিত পদ্ধতিতে অভ্যস্ত মানুষও রয়েছেন।
অনুষ্ঠানে আরও বক্তব্য দেন ঢাকা স্টক এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক নুজহাত আনোয়ার, মার্কোপোলো এআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা মিস তাসফিয়া তাসফিন, লঙ্কাবাংলা সিকিউরিটিজ পিএলসির চেয়ারম্যান মাহবুবুল আনাম, ডিএসই ব্রোকার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ডিবিএ) সভাপতি সাইফুল ইসলাম ও ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মিনহাজ মান্নান ইমন।
অনুষ্ঠানে এআই-নির্ভর প্রযুক্তির মাধ্যমে বিনিয়োগসেবা আধুনিকায়ন এবং বিনিয়োগকারীদের জন্য সহজ ও সমন্বিত সেবা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পায়। আমন্ত্রণপত্রে বলা হয়েছে, এ অংশীদারত্বের লক্ষ্য হলো এআই-চালিত সমাধানের মাধ্যমে বিনিয়োগ প্রক্রিয়া সহজ করা, স্বয়ংক্রিয় সেবার ব্যবহার বাড়ানো এবং বিনিয়োগকারীদের তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সহায়তা করা। আয়োজকদের প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে প্রযুক্তিনির্ভর বিনিয়োগসেবা সম্প্রসারণের পাশাপাশি বাংলাদেশের পুঁজিবাজারকে আরও অন্তর্ভুক্তিমূলক ও কার্যকর করে তোলার সুযোগ তৈরি হবে।
The post এআই-নির্ভর বিনিয়োগসেবা চালু করতে লঙ্কাবাংলা ও মার্কোপোলোর চুক্তি appeared first on অর্থসূচক.
