ছবির ক্যাপশন: .
ক্রীড়া ডেস্ক
জিনেদিন জিদানের অধীনে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দিলেন মাইকেল ওলিসে। ফ্রান্সের অন্যতম গুরুত্বপূর্ণ খেলোয়াড় হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা বায়ার্ন মিউনিখের এই তারকা সোমবার (৫ অক্টোবর) রাতে বেলজিয়ামের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন।
উয়েফা নেশনস লিগের চতুর্থ রাউন্ডের ম্যাচে প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে ছিল ফ্রান্স। দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে মাঠে নামেন ওলিসে। এরপর মাত্র ১৪ মিনিটেই ম্যাচের চিত্র পাল্টে দেন তিনি। জোড়া গোল করার পাশাপাশি সতীর্থকে দিয়ে আরও একটি গোল করান। শেষ পর্যন্ত বেলজিয়ামকে ৪-১ গোলে হারিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স।
সদ্য শেষ হওয়া আন্তর্জাতিক বিরতিতেও দুর্দান্ত ছন্দে ছিলেন ওলিসে। এই সময়ে চারবার প্রতিপক্ষের জালে বল পাঠিয়েছেন তিনি। ফলে বর্তমান বিশ্ব ফুটবলে অন্যতম প্রভাবশালী খেলোয়াড় হিসেবে নিজের অবস্থান আরও শক্ত করেছেন এই তরুণ।
ম্যাচ শেষে ফরাসি টিভি চ্যানেল টিএফওয়ানকে ওলিসে বলেন, ম্যাচের শেষভাগে দল দুর্দান্ত খেলেছে। প্রথমার্ধে বেলজিয়াম রক্ষণে নিচে নেমে খেলায় গোল করা কঠিন ছিল। তবে ফ্রান্স চাপ ধরে রেখেছিল এবং শেষ পর্যন্ত ভালো ফল পাওয়ায় তারা খুশি।
নিজের পারফরম্যান্সের কৃতিত্ব পুরো দল ও কোচ জিনেদিন জিদানকে দিয়ে ওলিসে বলেন, কোচ মাঠের পরিকল্পনা ঠিক করে দেন এবং খেলোয়াড়রা তা অনুসরণ করেন। এভাবেই তারা সামনে এগিয়ে যেতে চান।
ফ্রান্সের হয়ে খেলাকে বিশেষ অনুভূতি হিসেবে উল্লেখ করে ওলিসে বলেন, জাতীয় দলের অংশ হতে পেরে তিনি রোমাঞ্চিত। দলের অনেক বড় মাপের খেলোয়াড়ের সঙ্গে খেলতে পেরে তিনি আনন্দিত।