সড়ক দুর্ঘটনায় নিহত ১৪ • নতুন কর্মস্থলে যোগ দিয়ে বাড়ি ফিরছিলেন আনোয়ার
নাটোরের বড়াইগ্রামে বাস-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে রাজশাহী বাগমারার আনোয়ার হোসেন (৩০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। নতুন চাকরিতে যোগ দিয়ে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনার শিকার হন তিনি।
মঙ্গলবার (২১ অক্টোবর) ভোর ৫টার দিকে উপজেলার বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে নাটোর-পাবনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ১৪ জন নিহত ও ২৫ জন আহত হয়েছেন।
বিজ্ঞাপন
নিহত আনোয়ার হোসেন রাজশাহীর বাগমারা উপজেলার শ্রীপুর ইউনিয়নের চাঁইপাড়া গ্রামের বাসিন্দা।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, আরপি পরিবহনের একটি বাস বরগুনা থেকে চাঁপাইনবাবগঞ্জের দিকে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সঙ্গে বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সামনে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বাস ও ট্রাকের বেশ কয়েকজন হতাহত হন। পরে আহত ও নিহতদের উদ্ধার করে নাটোর, রাজশাহীসহ স্থানীয় বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়।
বিজ্ঞাপন
এদিকে দুর্ঘটনার খবর ছড়িয়ে পড়ার পর আনোয়ারের বাড়িতে নেমে আসে শোকের ছায়া। পরিবারের সদস্যদের ঘুম ভাঙে স্বজন হারানোর দুঃসংবাদে। প্রতিবেশীরাও খবর পেয়ে বাড়িতে এসে স্বজনদের সান্ত্বনা দেন।
আনোয়ারের স্ত্রী ফাতেমা বিবি একই উপজেলার কনোপাড়া গ্রামে বাবার বাড়িতে ছিলেন। সেখানেই তিনি স্বামীর মৃত্যুর খবর পান। সকাল ১০টার দিকে দুই সন্তানকে নিয়ে বাবার বাড়ি থেকে স্বামীর বাড়িতে আসেন ফাতেমা। এ সময় বারবার জ্ঞান হারাচ্ছিলেন তিনি। স্বামীর মৃত্যুর শোকে কথা বলতেও পারছিলেন না।
আনোয়ারের ভাতিজা মিজানুর রহমান জানান, আনোয়ার ঢাকায় থাকতেন এবং একটি প্রতিষ্ঠানে চাকরি করতেন। কিছুদিন আগে একটি প্রকল্পে নতুন চাকরি পান তিনি। নতুন কর্মস্থলে যোগ দিয়ে বাড়ি ফিরছিলেন আনোয়ার।
বিজ্ঞাপন
মিজানুর বলেন, নাটোর-রাজশাহী মহাসড়কের পুঠিয়ায় বাস থেকে নামার কথা ছিল আনোয়ারের। সেখান থেকে বাড়িতে পৌঁছাবেন বলে মুঠোফোনে পরিবারের সদস্যদের জানিয়েছিলেন তিনি। কিন্তু বাড়ি ফেরার আগেই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান।
বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, দুর্ঘটনায় আনোয়ারের মৃত্যুর খবর পাওয়ার পর তার পরিবারকে জানানো হয়েছে। মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের জন্য বনপাড়া হাইওয়ে পুলিশের সঙ্গে যোগাযোগ রাখা হচ্ছে।
মনির হোসেন মাহিন/এমআরএম
ফলো করুন
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।
