খাগড়াছড়ির পানছড়ি সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে একটি ৭.৬২ মিমি এসএমজি ও ১০০ রাউন্ড গুলি উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শুক্রবার (১৬ অক্টোবর) রাতে পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর অধীনস্থ বৌদ্ধমনিপাড়া বিওপির নায়েব সুবেদার মো. এমদাদুল হকের নেতৃত্বে একটি নিয়মিত টহলদল সীমান্ত এলাকায় টহল পরিচালনা করে। শনিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বিজিবি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রাত আনুমানিক ৮টা ১৫ মিনিটে কচুছড়িমুখ পাড়া এলাকায় টহলদলটি সীমান্তবর্তী পাহাড় থেকে কাঁধে ব্যাগ নিয়ে ১০–১২ জনের একটি সন্দেহভাজন দলকে সীমান্ত সড়কে নেমে আসতে দেখে। বিজিবি সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। টহলদল ধাওয়া করলে সন্দেহভাজন ব্যক্তিরা পার্শ্ববর্তী পাহাড়ের ঘন জঙ্গলে পালিয়ে যায়। পরবর্তীতে ঘটনাস্থল ও আশপাশের এলাকায় তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি ৭.৬২ মিমি এসএমজি, ১০০ রাউন্ড গুলি ও দুটি বাটন মোবাইল ফোন উদ্ধার করা হয়।
উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ পানছড়ি থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
পানছড়ি ব্যাটালিয়ন (৩ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ রবিউল ইসলাম জানান, সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, দেশের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতা রক্ষা এবং অবৈধ অস্ত্র ও গোলাবারুদ পাচারসহ সীমান্তবর্তী এলাকার অপরাধমূলক কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবির নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।