রাজধানীর রমনায় অফিসার্স ক্লাবের নির্মাণাধীন ভবন থেকে সাবেক অতিরিক্ত সচিব মো. মোশাররফ হোসেনের রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৬ অক্টোবর) সকালে ভবনটির নিচতলায় সিঁড়ির পাশ থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশ ও ক্লাব সূত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে ছোট মেয়েকে সঙ্গে নিয়ে অফিসার্স ক্লাবে প্রবেশ করেন মোশাররফ হোসেন। পরে মেয়েকে সুইমিংপুলের পাশে রেখে তিনি ক্লাবের নির্মাণাধীন ভবনের ভেতরে যান। প্রায় এক ঘণ্টা পর ভবনটির নিচতলায় সিঁড়ির পাশে তাঁকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন নিরাপত্তাকর্মীরা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
পরে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়।
মো. মোশাররফ হোসেন অফিসার্স ক্লাবের সদস্য ছিলেন। তিনি রাজধানীর বনানীর জি-ব্লকের ৪০ নম্বর বাড়িতে বসবাস করতেন। তাঁর দুই সন্তানের মধ্যে বড় মেয়ে যুক্তরাষ্ট্রে থাকেন।
রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন মিয়া বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, নির্মাণাধীন ভবনের সিঁড়ি ও লিফটের পাশের একটি ফাঁকা অংশ দিয়ে নিচে পড়ে গিয়ে তাঁর মৃত্যু হয়ে থাকতে পারে। তবে এটি দুর্ঘটনা, নাকি এর পেছনে অন্য কোনো কারণ রয়েছে, তা ময়নাতদন্তের প্রতিবেদন ও তদন্ত শেষে নিশ্চিত হওয়া যাবে।
পুলিশ জানিয়েছে, মৃত্যুর প্রকৃত কারণ জানতে ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে।
.jpegoo.jpeg&w=1440&q=75)