‘সবার জন্য ভালো খাদ্য উৎপাদন, ভালো খাদ্য উৎপাদনে গ্রামীণ নারী’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১১টায় জেলা প্রশাসকের শহিদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের আয়োজনে এবং জেলা প্রশাসন, সিরাজগঞ্জের সহযোগিতায় এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ এ কে এম মনজুরে মাওলা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এ কে এম আনোয়ারুল হক, জেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান খান, মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক কানিজ ফাতেমা, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বিশ্বজিৎ কুমার সাহা, জেলা শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা মো. আলমগীর হোসেন মিয়া, নিরাপদ খাদ্য কর্মকর্তা গৌতম কুমার সাহা এবং জেলা মহিলা দলের সভাপতি সাবিনা ইয়াসমিন হাসিসহ অন্যান্য অতিথি।
এ সময় হেইফার ইন্টারন্যাশনাল বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্থাপক কানিজ ফাতেমা উপস্থিত ছিলেন। এছাড়া সভায় নারী উদ্যোক্তা, নারী কৃষক, মহিলা দলের নেত্রী এবং বিভিন্ন বেসরকারি সংস্থার কর্মকর্তারা অংশ নেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করা, কৃষি উৎপাদন বৃদ্ধি এবং গ্রামীণ অর্থনীতিকে শক্তিশালী করতে নারীদের অবদান অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রামীণ নারীরা কৃষি উৎপাদন, পশুপালন, খাদ্য প্রক্রিয়াজাতকরণ ও পরিবারের পুষ্টি নিশ্চিতকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
তাঁরা আরও বলেন, গ্রামীণ নারীদের দক্ষতা উন্নয়ন, প্রয়োজনীয় প্রশিক্ষণ, সহজ শর্তে ঋণ এবং আধুনিক কৃষিপ্রযুক্তি ব্যবহারের সুযোগ বাড়ানো গেলে তাঁরা অর্থনৈতিকভাবে আরও স্বাবলম্বী হয়ে উঠবেন। এর মাধ্যমে পরিবার, সমাজ ও জাতীয় অর্থনীতিতে তাঁদের অবদান আরও বৃদ্ধি পাবে।
বক্তারা নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদনে নারী কৃষকদের আরও বেশি সম্পৃক্ত করার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি গ্রামীণ নারীদের যথাযথ মূল্যায়ন, ক্ষমতায়ন এবং কৃষি খাতে তাঁদের অংশগ্রহণ বাড়াতে সংশ্লিষ্ট সবার সম্মিলিত উদ্যোগের আহ্বান জানান।
The post সিরাজগঞ্জে আন্তর্জাতিক গ্রামীণ নারী দিবস উদযাপন appeared first on ভোরের চেতনা.
