‘ছাত্র-জনতার অঙ্গীকার, নিরাপদ সড়ক হোক সবার’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সড়ক নিরাপদ দিবস ২০২৬ উপলক্ষে মাদারীপুরে স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে সড়ক নিরাপত্তাবিষয়ক সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ অক্টোবর) সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) মাদারীপুর সার্কেলের উদ্যোগে শহীদ বাচ্চু সরকারি উচ্চ বিদ্যালয়, ইউনাইটেড ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ এবং ডনোভান সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তা, ট্রাফিক সাইন ও সিগন্যাল, রোড মার্কিং, ট্রাফিক আইন এবং সড়কে চলাচলের নৈতিকতা সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি নিরাপদ গতি বজায় রাখা এবং মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে মানসম্মত হেলমেট ব্যবহারের গুরুত্ব তুলে ধরা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিআরটিএ মাদারীপুর সার্কেলের সহকারী পরিচালক মো. আমির হোসেন, মেকানিক্যাল অ্যাসিস্ট্যান্ট আব্দুল আলিমসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।
কর্মশালায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে শুধু আইন প্রয়োগ করলেই হবে না, চালক, পথচারী ও শিক্ষার্থীদের মধ্যে ট্রাফিক আইন এবং সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা বাড়াতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মের মধ্যে নিরাপদ সড়ক ব্যবহারের অভ্যাস গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ ও সচেতনতামূলক কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কর্মশালার শেষপর্যায়ে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় শিক্ষার্থীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যায়।
The post মাদারীপুরে শিক্ষার্থীদের সড়ক নিরাপত্তায় সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা appeared first on ভোরের চেতনা.
