মিসরের শীর্ষস্থানীয় আবাসন নির্মাতা প্রতিষ্ঠান তালাত মুস্তাফা গ্রুপ (টিএমজি) দেশটির চারটি বৃহৎ মেগা প্রকল্পে প্রায় ২০ হাজার ২৩০ কোটি মার্কিন ডলার (১১ লাখ কোটি মিসরীয় পাউন্ড) বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। মধ্যপ্রাচ্যভিত্তিক গণমাধ্যম আরব নিউজের প্রতিবেদনে জানা যায়, মিসরের নতুন প্রশাসনিক রাজধানীতে আয়োজিত ‘ইজিপ্ট ফোরাম ২০২৬’-এর দ্বিতীয় দিনে সরকারের সঙ্গে এ-সংক্রান্ত আনুষ্ঠানিক চুক্তি সই করে প্রতিষ্ঠানটি। অনুষ্ঠানে টিএমজির প্রধান নির্বাহী ও ব্যবস্থাপনা পরিচালক হিশাম তালাত মুস্তাফা জানান, এসব মেগা প্রকল্প বাস্তবায়িত হলে প্রায় ৬০ লাখ মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে এবং কর রাজস্ব হিসেবে মিসরীয় সরকারের কোষাগারে জমা হবে ২ লাখ ৪০ হাজার কোটি মিসরীয় পাউন্ড।
চুক্তি অনুযায়ী, মিসরের পূর্ব কায়রো, আলেকজান্দ্রিয়া, আবু কির এবং উত্তর উপকূলীয় এলাকায় সব মিলিয়ে ৩ কোটি ৭০ লাখ বর্গমিটারেরও বেশি জমির ওপর এই প্রকল্পগুলো বাস্তবায়ন করা হবে। এতে আধুনিক আবাসনের পাশাপাশি ভারী শিল্প, মুক্ত বাণিজ্য অঞ্চল (ফ্রি জোন), লজিস্টিকস হাব, বাণিজ্যিক ভবন ও পর্যটন কেন্দ্র গড়ে তোলা হবে। চারটির মধ্যে সবচেয়ে বড় বিনিয়োগ হচ্ছে কৌশলগত আবু কির বন্দরের পাশে। সেখানে প্রায় ১ কোটি বর্গমিটার এলাকায় ৫ লাখ কোটি (৫ ট্রিলিয়ন) পাউন্ড বিনিয়োগ করা হবে, যেখান থেকে প্রতিষ্ঠানটি প্রায় ১ লাখ ১০ হাজার কোটি পাউন্ড রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরেছে। সমুদ্রবন্দরের সন্নিকটে গড়ে ওঠা এসব অবকাঠামো দেশের অভ্যন্তরীণ উৎপাদন ও রফতানি সক্ষমতা বাড়ানোর পাশাপাশি প্রত্যক্ষ বিদেশী বিনিয়োগ আকর্ষণ করবে বলে মনে করা হচ্ছে।
প্রকল্পের দ্বিতীয় অংশটি বাস্তবায়িত হবে পূর্ব কায়রোয়, সুয়েজ সড়ক ও টিএমজির বিদ্যমান আবাসন প্রকল্প ‘মদিনাতি’র মধ্যবর্তী স্থানে। ৫০ লাখ বর্গমিটার জমিতে এই উন্নয়ন প্রকল্পে ৩ লাখ ২০ হাজার কোটি পাউন্ড বিনিয়োগের লক্ষ্য ধরা হয়েছে, যেখান থেকে কর রাজস্ব হিসেবে ৭০ হাজার কোটি পাউন্ডের বেশি অর্থ রাষ্ট্রীয় তহবিলে যুক্ত হবে। অন্যদিকে আলেকজান্দ্রিয়ায় ১ কোটি ১৩ লাখ বর্গমিটার এলাকাজুড়ে গড়ে তোলা হবে আরেকটি সমন্বিত নগর কেন্দ্র। সেখানে ১ লাখ ৭০ হাজার কোটি পাউন্ড বিনিয়োগের পরিকল্পনা নেওয়া হয়েছে এবং এ প্রকল্প থেকে কর রাজস্ব বাবদ ৩৭ হাজার ৫০০ কোটি পাউন্ড পাওয়ার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া চতুর্থ প্রকল্পটি গড়ে উঠবে ভূমধ্যসাগরীয় উত্তর উপকূলের ১৪৭ থেকে ১৫১ কিলোমিটারসংলগ্ন এলাকায়। সেখানে ১ কোটি ৪ লাখ বর্গমিটার জমিতে পর্যটন ও আবাসন কেন্দ্র তৈরিতে বিনিয়োগ করা হবে ৯৭ হাজার কোটি পাউন্ড, যা থেকে সরকার ২১ হাজার ৫০০ কোটি পাউন্ড কর রাজস্ব পাবে বলে আশা করা হচ্ছে। এই প্রকল্পটি টিএমজির ২০২৪ সালে শুরু হওয়া জনপ্রিয় ‘সাউথ মেড’ প্রকল্পের আদলে নির্মিত হবে। এর আগে চলতি বছরের এপ্রিলে কায়রোর উপকণ্ঠে ১৬৫টি টাওয়ার নির্মাণের লক্ষ্যে ‘দ্য স্পাইন’ নামে আরেকটি প্রকল্পের ঘোষণা দিয়েছিল প্রতিষ্ঠানটি। তবে আরব নিউজ জানিয়েছে, সদ্য ঘোষিত এই চার মেগা প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে কবে শুরু হবে, অর্থের মূল সংস্থান কীভাবে হবে এবং সরকার ও প্রতিষ্ঠানের মধ্যে অংশীদারত্ব কীভাবে নির্ধারিত হবে, সে বিষয়ে বিস্তারিত কোনো তথ্য এখনো স্পষ্ট করা হয়নি।
