ফটিকছড়ি উত্তরে চা-বাগানের টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার-৫

ফটিকছড়ি উত্তর উপজেলার ভূজপুর থানাধীন পঞ্চবটি চা-বাগানের শ্রমিকদের সাপ্তাহিক বেতন ও পূঁজার বোনাসের টাকা ছিনতাইয়ের ঘটনায় পুলিশ মূল হোতাসহ ৫ জনকে গ্রেফতার করেছে।
পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ছিনতাই হওয়া ৭ লাখ ৩৩ হাজার টাকার মধ্যে মাত্র ৩ হাজার টাকা উদ্ধার করেছে। উল্লেখ করা যেতে পারে যে, বৃহস্পতিবার দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে ভূজপুর থানাধীন পঞ্চবটি চা-বাগানের অভ্যন্তরে মসজিদের পাশের কাঁচা রাস্তায় এই ছিনতাই ও হামলার ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রগুলো জানায়, ঘটনার দিন পঞ্চবটি চা-বাগানের সহকারী ম্যানেজার নেপাল দাশ (৬০) এবং পল্লী চিকিৎসক বাবুল দাশ (৫৩) চা-বাগানের শ্রমিকদের বেতন ও বোনাসের টাকা নিয়ে যাওয়ার সময় দুর্বৃত্তরা তাঁদের ওপর ধারালো ছুরি দিয়ে হামলা চালায়। এ সময় তাঁদেরকে জিম্মি করে শ্রমিকদের বেতন-বোনাসের ৭ লাখ ৩৩ হাজার টাকা ছিনিয়ে নিয়ে পালিয়ে যায় ।
ঘটনার পরপরই চা-বাগানের শ্রমিকদের সাহসিকতা ও সহায়তায় ভূজপুর থানা পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে ঘটনাস্থল থেকে মো. আবু (২১) ও জিহান উদ্দীনকে (২৪) হাতেনাতে গ্রেফতার করে। পরবর্তীতে তাঁদের দেওয়া তথ্যের ভিত্তিতে ওই দিন রাত আনুমানিক ২টার দিকে পঞ্চবটি চা-বাগান সংলগ্ন টিলাপাড়া এলাকা থেকে সম্রাট (২৪) ও রাশেদকে (২৪) গ্রেফতার করা হয়।
এ ঘটনায় ভূজপুর থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়। মামলার পর চট্টগ্রাম জেলার পুলিশ সুপার মো. মাসুদ আলম (বিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) মো. সিরাজুল ইসলাম (পিপিএম) এবং অতিরিক্ত পুলিশ সুপার (হাটহাজারী সার্কেল) কাজী মো. তারেক আজিজ (পিপিএম)-এর সার্বিক দিকনির্দেশনায় পুলিশি অভিযান আরো জোরদার করা হয়। এরই ধারাবাহিকতায়, শুক্রবার বিকেল আনুমানিক ৪টায় চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানা এলাকায় অভিযান চালিয়ে পলাতক আসামি জাবেদকে (৩৩) গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত থেকে ৩ হাজার টাকা উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। পাশাপাশি, ছিনতাই হওয়া বাকি অর্থ উদ্ধারে এবং এই চক্রের সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।
এই বিভাগের আরো খবর






