সার ও জ্বালানি সংকটের জন্য বিগত সরকারের ভুল অর্থনৈতিক ও বাণিজ্যিক নীতিকে দায়ী করে মাগুরায় জনসচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দল। একই সঙ্গে সংকটকে পুঁজি করে অসাধু চক্রের কৃত্রিম সংকট সৃষ্টির অপচেষ্টা বন্ধের দাবি জানানো হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) সকাল সাড়ে ১১টায় দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে মাগুরা পৌরসভার সামনে থেকে এ লিফলেট বিতরণ কার্যক্রম শুরু হয়। পরে নেতাকর্মীরা শহরের প্রধান প্রধান সড়কে সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট বিতরণ করেন।
মাগুরা জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি গোলাম জাহিদ ও সাধারণ সম্পাদক আব্দুর রহিমের নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাগুরা পৌর বিএনপির সভাপতি মাসুদ হাসান খান কিজিল, সদর থানা বিএনপির সাবেক আহ্বায়ক কুতুব উদ্দিন এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহসভাপতি হাসানুজ্জামান হাসুসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
কর্মসূচিতে নেতারা বলেন, ইউক্রেন যুদ্ধের প্রভাব এবং বিগত ফ্যাসিস্ট সরকারের ভুল অর্থনৈতিক ও বাণিজ্যিক নীতির কারণেই আজ দেশে জ্বালানি, গ্যাস ও সারের যোগানে সংকট তৈরি হয়েছে। আর এ পরিস্থিতিকে সুযোগ হিসেবে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সংকট তৈরির অপচেষ্টা চালাচ্ছে, যার প্রত্যক্ষ শিকার হচ্ছেন সাধারণ মানুষ ও কৃষকেরা।
বক্তারা আরও উল্লেখ করেন, কৃষি উৎপাদন ও দেশের অর্থনীতি সচল রাখতে সার ও জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখা জরুরি। কোনো অসাধু চক্র যেন মজুতদারি বা অতিরিক্ত মুনাফা লোটার সুযোগ না পায়, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কঠোর ও দায়বদ্ধ ভূমিকা পালন করতে হবে।
তারা আরও বলেন, বর্তমান সরকার এ সংকট মোকাবিলায় আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। সরকারের এসব ইতিবাচক পদক্ষেপ সফল করতে জনগণকে সচেতন ও সহযোগিতাপূর্ণ ভূমিকা পালন করতে হবে। একই সঙ্গে সংকটকে কেন্দ্র করে কেউ যেন অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করতে না পারে, সে ব্যাপারে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান নেতৃবৃন্দ।
জেএইচআর
