গোদাগাড়ী(রাজশাহী)প্রতিনিধি:
রাজশাহীর গোদাগাড়ীতে সার ডিলার নিয়োগে প্রশাসনের বিরুদ্ধে ওঠা অনিয়মের প্রতিবাদ করতে গিয়ে মিথ্যা মামলায় জড়ানোর শিকার হয়েছেন বলে অভিযোগ তুলেছেন রাজশাহী জেলা কৃষক দলের যুগ্ম আহবায়ক ও উপজেলা বিএনপির নির্বাহী কমিটির সদস্য আব্দুল হামিদ বাবলু। গত ১৫ অক্টোবর (মঙ্গলবার) দুপুর ১২টায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন এবং নিজের অবস্থান পরিষ্কার করে একটি লিখিত প্রতিবাদলিপি পাঠ করেন।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বাবলু জানান, গত ১২ অক্টোবর দুপুর ১২টার দিকে গোদাগাড়ী উপজেলা প্রশাসনিক ভবনের সামনে সাধারণ জনগণের স্বার্থে এবং সার ডিলার নিয়োগে প্রশাসনের অনিয়মের বিরুদ্ধে শান্তিপূর্ণ প্রতিবাদ জানাতে তিনি সেখানে অবস্থান করছিলেন।
তিনি উল্লেখ করেন, তার উপস্থিত থাকাকালীন সময়ে কাকতালীয়ভাবে ১১ দলীয় জোটের কিছু নেতাকর্মীও সেখানে এসে উপস্থিত হন। একপর্যায়ে ওই জোটের কর্মীরা প্রশাসনিক নিয়ম ভঙ্গ করে উপজেলা ভবনের মূল ফটকে তালা ঝুলিয়ে দেন এবং তাদের নিজস্ব ব্যানার প্রদর্শন করে বিক্ষোভ শুরু করেন। আগে থেকে সেখানে উপস্থিত থাকার কারণে গণমাধ্যম ও অন্যান্য ক্যামেরার ছবিতে কৃষক দল নেতা বাবলুর ছবিও চলে আসে।
আব্দুল হামিদ বাবলুর দাবি, এই ঘটনার সূত্র ধরে গত ১৩ অক্টোবর রাতের আঁধারে ১১ দলীয় জোটের নেতাকর্মীদের পাশাপাশি তাকেও আসামী করে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ মামলা দায়ের করা হয়।
সংবাদ সম্মেলনে প্রশাসনের এই ভূমিকার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, “আমি একজন কৃষক দলের দায়িত্বশীল নেতা হিসেবে কৃষকদের ন্যায্য অধিকার ও জনসাধারণের পক্ষে শান্তিপূর্ণভাবে কথা বলতে গিয়েছিলাম। ফটকে তালা দেওয়া বা কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির সাথে আমার দূরতম কোনো সম্পর্ক নেই।”
তিনি অবিলম্বে তার নাম এই মামলা থেকে প্রত্যাহার করে নিঃশর্ত দায়মুক্তির জোর দাবি জানান। অন্যথায়, মিথ্যা মামলা প্রত্যাহার করা না হলে আগামীতে সাধারণ জনগণ ও কৃষকদের সাথে নিয়ে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলেও প্রশাসনকে হুঁশিয়ারি দেন এই বিএনপি নেতা।
The post গোদাগাড়ীতে সার ডিলার নিয়োগে অনিয়মের প্রতিবাদ করায় কৃষক দল নেতার বিরুদ্ধে মামলা সংবাদ সম্মেলন appeared first on সকালের খবর ২৪.
